১৬০টি মুরগি ছিনতাইয়ের অভিযোগ, হবিগঞ্জের সেই ছাত্রদল সভাপতি বহিষ্কার
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ০৮:২১ পিএম
মুরগিবাহী গাড়ি ছিনতাইয়ের অভিযোগ ওঠার পর হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর হাই স্কুল অ্যান্ড কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মো. শাকিল ফারহান মিয়াকে বহিষ্কার করেছে জেলা ছাত্রদল। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রবিবার রাতে তাকে সংগঠন থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।
হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজীব আহমেদ ও সাধারণ সম্পাদক জিল্লুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১২ মার্চ রাত প্রায় ১০টার দিকে চুনারুঘাট উপজেলার ১ নম্বর গাজীপুর ইউনিয়নের উসমানপুর গ্রামে অবস্থিত প্রাণ আরএফএল গ্রুপের হবিগঞ্জ অ্যাগ্রো লিমিটেড থেকে লেয়ার মুরগি নিয়ে যাওয়ার সময় প্রায় ১৬০টি মুরগি ছিনতাইয়ের অভিযোগ ওঠে শাকিল ফারহান মিয়ার বিরুদ্ধে।
এ ঘটনায় ১৩ মার্চ রাতে চুনারুঘাট থানায় লিখিত অভিযোগ দেয় প্রাণ আরএফএল কর্তৃপক্ষ।
অভিযোগে বলা হয়, ১২ মার্চ রাত ১০টার দিকে উসমানপুর গ্রামে অবস্থিত হবিগঞ্জ অ্যাগ্রো লিমিটেডের একটি মুরগিবাহী গাড়ি শাকিল ফারহান মিয়ার নেতৃত্বে ছিনতাই করা হয়। এ সময় গাড়ির চালক ও সহকারীকে মারধর করে তাদের দুটি মানিব্যাগ ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়।
ঘটনাস্থলে কোম্পানির সুপারভাইজার আশফাক এগিয়ে গেলে তার মোটরসাইকেলের চাবিও নিয়ে নেয় অভিযুক্তরা। পরে স্থানীয়দের মধ্যস্থতায় মোটরসাইকেলের চাবি ও একটি মোবাইল ফোন ফেরত দেওয়া হলেও ছিনতাই হওয়া মুরগিগুলো আর ফেরত পাওয়া যায়নি।
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়। এরপর বিতর্কের মুখে ওই ছাত্রদল নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করে জেলা ছাত্রদল। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান।