স্থানীয়রা উদ্ধার করলো ৪২ বোতল মদ, পুলিশ বলছে ২৫ বোতল

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ১৯ মার্চ ২০২৬, ০৮:১০ পিএম

ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে পরিত্যক্ত শৌচাগারের গর্ত থেকে বিদেশি মদের বোতল উদ্ধারকে কেন্দ্র করে স্থানীয়দের সঙ্গে পুলিশের বক্তব্যে বড় ধরনের অসঙ্গতি দেখা দিয়েছে। স্থানীয়দের দাবি, তারা ৪২ বোতল মদ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন। তবে পুলিশ বলছে, উদ্ধার হয়েছে মাত্র ২৫ বোতল।

বুধবার দুপুরে উপজেলার মাওনা ইউনিয়নের দক্ষিণ বারতোপা গ্রামে পোস্ট মাস্টার জালাল উদ্দীনের বাড়ির পরিত্যক্ত শৌচাগার থেকে এসব মদের বোতল উদ্ধার করা হয়। এ সময় অভিযুক্ত মাদক ব্যবসায়ী দুলাল ও রাজীব ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানান স্থানীয়রা।

স্থানীয়দের অভিযোগ, উদ্ধারকৃত মদের বোতল পুলিশের কাছে হস্তান্তরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি প্রচারও করা হয়েছে। সেখানে ৪২ বোতল মদ দেখানো হলেও পরে পুলিশ কম সংখ্যার কথা বলায় সন্দেহ তৈরি হয়েছে। তাদের প্রশ্ন, বাকি বোতলগুলো কোথায় গেল।

স্থানীয়দের ভাষ্যমতে, ওই এলাকার দুলাল ও রাজীব দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন জানান, তারা আগে থেকেই এসব মাদক ব্যবসায়ীদের ওপর নজর রাখছিলেন। খবর পেয়ে ঘটনাস্থলে গেলে অভিযুক্তরা কিছু বোতল নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়দের উপস্থিতিতে শৌচাগারের গর্ত থেকে ৪২ বোতল মদ উদ্ধার করা হয় এবং তা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

তিনি আরও দাবি করেন, ঘটনাস্থলে দায়িত্বে থাকা উপপরিদর্শক মিজানুর রহমানের সামনে ৩২ বোতল মদ সাজিয়ে ছবি তোলা হয় এবং বাকি ১০ বোতল একটি বস্তায় ছিল। তাহলে কেন ১৭ বোতলের হিসাব মিলছে না—এ প্রশ্ন তোলেন তিনি।

তবে চকপাড়া পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক মিজানুর রহমান বলেন, স্থানীয়দের কাছ থেকে তিনি ২৫ বোতল মদই গ্রহণ করেছেন। এর বেশি পাননি বলে দাবি করেন তিনি।

এ বিষয়ে কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার মিরাজুল ইসলাম জানান, বিষয়টি তার জানা আছে, তবে বোতলের সংখ্যায় ভিন্নতার বিষয়টি তিনি নিশ্চিত নন। বিস্তারিত জানতে শ্রীপুর থানার সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন তিনি।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাছির আহমেদ বলেন, উদ্ধারকৃত মদের বোতল এখনো থানায় জমা দেওয়া হয়নি। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। যদি কোনো ধরনের গড়মিল পাওয়া যায়, তাহলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495