ঈদগাহ মাঠের অস্থায়ী দোকানে চাঁদা দাবি, যুবদল নেতাকে গণপিটুনি
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২২ মার্চ ২০২৬, ০৯:২০ পিএম
পঞ্চগড়ের দেবীগঞ্জে ঈদুল ফিতরের নামাজের পরে চাঁদা উত্তোলনকে কেন্দ্র করে এক যুবদল নেতাকে গণপিটুনি দিয়েছে স্থানীয়রা। ঘটনাটি ঘটেছে শনিবার (২১ মার্চ) দেবীগঞ্জ উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের রামগঞ্জ বিলাসী এলাকায়। রাতে ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভিডিওতে দেখা যায়, বিটুল নামে ওই যুবদল নেতাকে ধরে কিল-ঘুসি মেরে স্থানীয়রা আহত করেন। ঘটনাস্থল থেকে পালিয়ে তিনি বিদ্যালয়ের পাশে একটি বাড়িতে আশ্রয় নেন। পরে পুলিশ তাকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
বিটুল টেপ্রীগঞ্জ ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে। তবে ইউনিয়ন বিএনপির সভাপতি দাবি করেছেন, বিটুল ইউনিয়ন কমিটির কোনো পদে নেই।
স্থানীয়রা জানান, প্রতি বছর ঈদকে কেন্দ্র করে রামগঞ্জ বিলাসী উচ্চ বিদ্যালয় মাঠে একদিনের মেলা বসে। মেলায় অংশ নেওয়া ব্যবসায়ীদের কাছ থেকে সাধারণত ২০-৫০ টাকা করে আদায় করা হতো মাঠ পরিষ্কার ও আয়োজনের খরচের জন্য। কিন্তু এবার যুবদল নেতা বিটুল মেলায় আগত ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা তোলার পরিকল্পনা করেন। বিদ্যালয় কর্তৃপক্ষ এ বিষয়ে আপত্তি জানান।
বিতর্কের এক পর্যায়ে ব্যবসায়ীদের সঙ্গে সংঘর্ষ হয় এবং স্থানীয়রা বিটুলকে গণপিটুনি দেন।
রামগঞ্জ বিলাসী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম আযম বলেন, “বিদ্যালয় মাঠে কনসার্ট আয়োজনের জন্য চাঁদা তুলতে গেলে আমি নিষেধ করি। কিন্তু নিষেধ উপেক্ষা করলে গণ্ডগোল শুরু হয়।”
টেপ্রীগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি সদস্য বাবুল হোসেন জানান, ঈদগাহ মাঠে কয়েকজন চাঁদা তুলছিলেন। বিষয়টি মুসুল্লি ও ব্যবসায়ীরা মেনে না নেওয়ায় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। তিনি আবারও বলেন, বিটুল ইউনিয়ন কমিটির কোনো পদে নেই।
দেবীগঞ্জ থানার পরিদর্শক প্রবীর কুমার সরকার বলেন, ঈদ উপলক্ষে মেলায় আগত অস্থায়ী দোকান থেকে মাঠ পরিষ্কার ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের জন্য চাঁদা উত্তোলনকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে। ঘটনার পর পুলিশ দ্রুত ব্যবস্থা নিলেও কেউ অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।