নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপের নিচে মোটরসাইকেল, নিহত ৩
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৩ মার্চ ২০২৬, ০৯:১৭ পিএম
ভৈরব-কিশোরগঞ্জ মহাসড়কে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পেছনে থাকা পিকআপের নিচে চাপা পড়ায় তিন কিশোর নিহত হয়েছেন। রোববার বিকেল ৩টার দিকে কাঁঠালতলী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- দ্বাড়িয়াকান্দি গ্রামের সাব্বির ভুঁইয়ার ছেলে বিজয় (১৮), একই গ্রামের আব্দুল হাই রিপনের ছেলে জাবের হোসেন (১৮) এবং খালেকারকান্দি গ্রামের রতীন্দ্র বর্মণের ছেলে জিৎ বর্মণ।
কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী আরিফ উদ্দিন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, তিন কিশোর মোটরসাইকেলে দ্বাড়িয়াকান্দির দিকে যাচ্ছিল। ঘটনাস্থলে মোটরসাইকেলটি উল্টে গেলে পেছনে থাকা একটি পিকআপ তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বিজয় ও জাবের হোসেন নিহত হন।
মুমূর্ষু অবস্থায় জিৎ বর্মণকে প্রথমে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে ঢাকায় স্থানান্তর করা হয় এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রাত সাড়ে ৮টার দিকে তাকে মৃত ঘোষণা করা হয়।