ঘুরতে নিয়ে গিয়ে ধর্ষণ, মুমূর্ষু অবস্থায় বাড়ির সামনে ফেলে পালাল সহপাঠী
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৪ মার্চ ২০২৬, ০৯:০৩ পিএম
চাঁদপুরের ফরিদগঞ্জে এক কলেজছাত্রীকে ঘুরতে নিয়ে গিয়ে ধর্ষণের পর মুমূর্ষু অবস্থায় বাড়ির সামনে ফেলে পালানোর অভিযোগে তার সহপাঠীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৩ মার্চ) তাকে চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
ঘটনা ঘটে রোববার (২২ মার্চ) উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নে। অভিযুক্ত তুহিন হোসেন ওরফে সালমান (২০) স্থানীয় কলেজের শিক্ষার্থী এবং গুপ্টি পশ্চিম ইউনিয়নের হামছাপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।
ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, রোববার সকালে তিনি সহপাঠীর সঙ্গে বাইরে ঘুরতে যান। একপর্যায়ে তুহিন হোসেন তাকে একটি নির্জন স্থানে নিয়ে যায় এবং জোরপূর্বক ধর্ষণ করে। ঘটনার পর শিক্ষার্থী গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং রক্তক্ষরণ শুরু হয়। পরে অভিযুক্ত তাকে বাড়ির সামনে ফেলে পালিয়ে যায়।
পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে চাঁদপুর সদর হাসপাতালে নেন। সেখানে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করার পর পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে।
ফরিদগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ এমদাদুল হক জানান, কলেজছাত্রী ধর্ষণের অভিযোগে অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। ভুক্তভোগী বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এবং তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক।