বগুড়ায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় প্রভাষক ও সাবেক ওসির বিরুদ্ধে চার্জশিট, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা

মফস্বল সংবাদ ডেস্কক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৫, ০৭:২০ পিএম

ছবি: সংগৃহীত

বগুড়ার ধুনটে আলোচিত স্কুলছাত্রী ধর্ষণ ও সেই ঘটনার ভিডিও ধারণ মামলায় জালশুকা হাবিবর রহমান ডিগ্রি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মুরাদুজ্জামান মুকুল এবং মামলার আলামত নষ্টের অভিযোগে ধুনট থানার সাবেক ওসি কৃপা সিন্ধু বালার বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) দুপুরে বগুড়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. জিয়া উদ্দিন মাহমুদ অভিযোগপত্র গ্রহণ করে দুই আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এর আগের দিন মঙ্গলবার (৭ অক্টোবর) মামলার তদন্তকারী কর্মকর্তা বগুড়া পিবিআইয়ের পুলিশ পরিদর্শক আনোয়ারুল ইসলাম ১ হাজার ৫০০ পৃষ্ঠার বিস্তারিত চার্জশিট আদালতে দাখিল করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. মোজাম্মেল হক।

মামলার সূত্রে জানা যায়, ২০২২ সালের ১২ এপ্রিল ধুনট পৌর এলাকার এক স্কুলছাত্রীকে ধর্ষণ করে এবং সেই দৃশ্য মোবাইলে ভিডিও ধারণ করে প্রভাষক মুরাদুজ্জামান। ওই বছরের ১২ মে ভুক্তভোগীর মা বাদি হয়ে ধুনট থানায় মামলা দায়ের করেন। তদন্তের দায়িত্ব পান তৎকালীন ওসি কৃপা সিন্ধু বালা। পুলিশ তদন্তকালে অভিযুক্তের মোবাইল থেকে ধর্ষণের ভিডিওসহ গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করে।

তবে অভিযোগ রয়েছে, ওসি কৃপা সিন্ধু বালা আসামির কাছ থেকে অর্থের বিনিময়ে এসব গুরুত্বপূর্ণ আলামত নষ্ট করে দেন। বিষয়টি টের পেয়ে ভুক্তভোগীর পরিবার পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে লিখিত অভিযোগ দেয়। এর প্রেক্ষিতে ওসি কৃপা সিন্ধু বালাকে প্রত্যাহার করা হয় এবং মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয় জেলা গোয়েন্দা শাখা ও পরবর্তীতে পিবিআইকে।

তদন্তে সাক্ষীরা ওসির আলামত নষ্টের ঘটনায় মৌখিক ও লিখিত সাক্ষ্য প্রদান করেন। তবে প্রথম তদন্ত কর্মকর্তা এসআই সবুজ আলী ওসিকে চার্জশিটে অন্তর্ভুক্ত না করে প্রতিবেদন দাখিল করেন, যা আদালত প্রত্যাখ্যান করে পুনঃতদন্তের নির্দেশ দেন। অবশেষে বগুড়া পিবিআইয়ের পরিদর্শক আনোয়ারুল ইসলামের নেতৃত্বে তদন্ত সম্পন্ন হয় এবং উভয় আসামির বিরুদ্ধে চার্জশিট আদালতে দাখিল করা হয়।

তদন্ত কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, “সাক্ষ্য ও প্রমাণে প্রাথমিকভাবে প্রভাষক মুরাদুজ্জামান ধর্ষণের ঘটনায় সরাসরি দোষী এবং সাবেক ওসি কৃপা সিন্ধু বালা মামলার আলামত নষ্টের অপরাধে অভিযুক্ত বলে প্রমাণিত হয়েছে।”

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495