চট্টলা এক্সপ্রেস ট্রেনে ভয়াবহ আগুন
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ০৭:২২ পিএম
চট্টগ্রাম থেকে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকাল পৌনে ছয়টার দিকে সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাটের বিএমএ গেইটে ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ ট্রেনের দুটি বগি থেকে ধোঁয়া ও আগুনের শিখা দেখা দেয়। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকেই দ্রুত ট্রেন থেকে নেমে যাওয়ার চেষ্টা করেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিস জানিয়েছে, সকালে ঢাকাগামী ট্রেনটির পাওয়ার কার এবং সঙ্গে সংযুক্ত একটি শীতাতপ নিয়ন্ত্রিত বগিতে আগুন ছড়িয়ে পড়েছিল।
পরবর্তীতে ফায়ার সার্ভিস কুমিরা স্টেশন থেকে আরও দুটি ইউনিট পাঠিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বর্তমানে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে।