দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় নিহত বেড়ে ২৬
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ০৭:৩২ পিএম
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে পড়ে যাওয়া বাসের আরও এক যাত্রীকে উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে নদীর ৩০ ফুট গভীর থেকে তার লাশ উদ্ধার করা হয়। এতে গতকালকের দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে।
কুষ্টিয়ার কুমারখালী উপজেলা থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করা সৌহার্দ্য পরিবহনের একটি যাত্রীবাহী বাস বুধবার বিকেল ৫টার দিকে দৌলতদিয়া ফেরিঘাটের পন্টুন থেকে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় পড়ে যায়। দুর্ঘটনাটি ঘটে ৩ নম্বর ঘাটে। বাসটিতে অন্তত ৫০ জন যাত্রী ছিলেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে সরেজমিনে দেখা যায়, দুর্ঘটনাস্থলে নিখোঁজ বাসযাত্রীদের স্বজনেরা আহাজারি করছিলেন। মজনু মিয়া নামের এক ব্যক্তি তাঁর ছেলে উজ্জলের জন্য অপেক্ষা করছিলেন। তখনো নৌবাহিনী ও কোস্টগার্ডের ডুবুরি দল উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছিল। একপর্যায় ডুবুরি দল পদ্মার ৩০ ফুট গভীর থেকে উজ্জলের লাশ উদ্ধার করে কুলে নিয়ে আসে। এ সময় শোকাহত স্বজনদের কান্নায় পরিবেশ ভারী হয়ে ওঠে।
উদ্ধার হওয়া লাশের পরিচয় মিলেছে উজ্জল হোসেন (৩৫) নামে। তিনি রাজবাড়ীর কালুখালী উপজেলার ঝাও গ্রামের মজনু মিয়ার ছেলে এবং একজন ফল ব্যবসায়ী ছিলেন।
মজনু মিয়া জানিয়েছেন, ঈদে তার ছেলে বাড়ি এসেছিল। বুধবার বিকেলে ঢাকায় ফেরার সময় তিনি বাসে ছিলেন। রাতভর ছেলের খোঁজে স্বজনেরা ঘাটে অবস্থান করেন। পরে বৃহস্পতিবার সকালে ডুবুরি দলের মাধ্যমে তার লাশ উদ্ধার করা হয়।