চট্টগ্রামে মোবাইল কোর্টের অভিযানে ৬ টন অবৈধ ডিজেল ও সরঞ্জাম উদ্ধার
মফস্বল সংবাদ ডেস্কক
প্রকাশ: ২৭ মার্চ ২০২৬, ০৩:২৯ পিএম
চট্টগ্রাম বিমানবন্দর সংলগ্ন এলাকায় অবৈধভাবে মজুদ করা তেল উদ্ধারে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে। শুক্রবার (২৭ মার্চ) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত চলা এ অভিযানে বিপুল পরিমাণ ডিজেল ও সংশ্লিষ্ট সরঞ্জাম জব্দ করা হয়।
অভিযান সূত্রে জানা গেছে, অভিযানে প্রায় ৩০ ড্রাম (প্রায় ৬ টন) অবৈধভাবে মজুদকৃত ডিজেল উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ডিজেল লোডিং ও আনলোডিংয়ের কাজে ব্যবহৃত তিনটি পাম্পও জব্দ করা হয়।
উদ্ধারকৃত ডিজেল ও সরঞ্জামের আনুমানিক মূল্য প্রায় ১৮ লাখ টাকা বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তবে প্রাথমিকভাবে এর মূল্য কিছুটা কম হিসাবেও উল্লেখ করা হয়েছিল।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, জব্দকৃত মালামাল আইনি প্রক্রিয়ার আওতায় নেওয়া হয়েছে এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
অভিযান সংশ্লিষ্টরা জানান, অবৈধভাবে তেল মজুদ ও সরবরাহের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে, যাতে বাজারে কোনো ধরনের কৃত্রিম সংকট বা অনিয়ম তৈরি না হয়।