রাজারহাটে মসজিদের খাস জমি দখল নিয়ে উত্তেজনা, ভুয়া স্ট্যাম্প ও মামলা অভিযোগে তোলপাড়
কে.এম মামুন অর-রশিদ, রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৬, ০৪:২১ পিএম
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের মহিধর মধ্য কলনীপাড়া জামে মসজিদের খাস জমি দখলকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় গ্রাম পুলিশ জিয়াউর রহমান ও তার পরিবারের বিরুদ্ধে ভুয়া স্ট্যাম্প তৈরি, জমি দখল এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানির গুরুতর অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মসজিদের দখলভুক্ত সরকারি খাস জমিটি ধর্মীয় ও জনকল্যাণমূলক কাজে ব্যবহৃত হয়ে আসছিল। তবে সম্প্রতি অভিযুক্তরা ভুয়া স্ট্যাম্পের মাধ্যমে জমিটি নিজেদের দখলে নেওয়ার চেষ্টা চালাচ্ছেন বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় সহযোগী হিসেবে আজিজুল হক, মাইদুল চিশতী, আব্দুল খালেক, আয়নাল হক ও আব্দুল হকসহ কয়েকজনের নামও স্থানীয়ভাবে উল্লেখ করা হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, বিষয়টি নিয়ে একাধিকবার গ্রাম্য সালিশ অনুষ্ঠিত হলেও জনপ্রতিনিধিদের সিদ্ধান্ত উপেক্ষা করে জোরপূর্বক দখল কার্যক্রম চালিয়ে যাওয়া হচ্ছে। দখলের প্রতিবাদ করলে উল্টো মসজিদ ও কবরস্থান কমিটির সদস্যসহ সচেতন ব্যক্তিদের নামে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ ওঠে।
এলাকাবাসী আরও বলেন, আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা একজন গ্রাম পুলিশ এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকায় তারা বিস্মিত ও ক্ষুব্ধ।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত গ্রাম পুলিশ জিয়াউর রহমান। তিনি বলেন, অভিযোগগুলো ভিত্তিহীন এবং বিষয়টি সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্য উদঘাটন করা হোক।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। ভুক্তভোগীরা জানিয়েছেন, মসজিদের জমি রক্ষায় তারা ঐক্যবদ্ধ এবং কোনোভাবেই অবৈধ দখল মেনে নেবেন না।
এ বিষয়ে দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণে জেলা ও উপজেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।