ঢাকা উত্তর সিটিতে জন্মনিবন্ধন ছাড়াই টাইফয়েড টিকা নেওয়া যাবে
মফস্বল সংবাদ ডেস্কক
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৫, ১১:২৩ পিএম
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) স্বাস্থ্য কর্মকর্তা মাহমুদা আলী জানিয়েছেন, জন্মনিবন্ধন না থাকা শিশুরাও টাইফয়েড টিকা নিতে পারবেন।
ডিএনসিসি জানিয়েছে, ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত ১০টি অঞ্চলে ১২ লাখ শিশুকে টাইফয়েড টিকা দেওয়া হবে। এর মধ্যে ২১৮১ শিক্ষাপ্রতিষ্ঠানের ৭ লাখ ৬০ হাজার ৭৯০ জন ছাত্র-ছাত্রী এবং কমিউনিটির ৫ লাখ ৩৩ হাজার ২৭৯ জন শিশু টিকা পাবেন।
৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশু-কিশোরদের জন্য টিকা বিনামূল্যে। জন্মনিবন্ধন ছাড়া শিশুরা নির্ধারিত কেন্দ্র থেকে সরাসরি টিকা কার্ড সংগ্রহ করতে পারবে এবং সবুজ রঙের সার্টিফিকেট পাবেন। জন্মনিবন্ধন থাকা শিশুরা হলুদ রঙের সার্টিফিকেট পাবেন।
ডিএনসিসি জানায়, শিক্ষাপ্রতিষ্ঠানে ১২ অক্টোবর থেকে ৩০ অক্টোবর, স্থায়ী ইপিআই কেন্দ্রগুলোতে ১৩ অক্টোবর থেকে ১৩ নভেম্বর, এবং স্যাটেলাইট/আউটরিচ ইপিআই কেন্দ্রগুলোতে ১ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত শুক্রবার ও সরকারি ছুটির দিন বাদে টিকা ক্যাম্পেইন চলবে। প্রতিটি টিমে থাকবেন দুইজন টিকাদান কর্মী ও তিনজন ভলানটিয়ার।