মসজিদের মাইকে বউ তালাক দেয়া আ.লীগ নেতার বিরুদ্ধে শাড়ি চুরির অভিযোগ

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ০৭:০৮ পিএম

ছবি: সংগৃহীত

জামালপুরের মেলান্দহ উপজেলায় আওয়ামী লীগের এক নেতার বিরুদ্ধে শাড়ি চুরির অভিযোগ উঠেছে। অভিযুক্ত মো. জাকির হোসেন জেকে চরবানিপাকুরিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

ভুক্তভোগী আব্দুল কুদ্দুসের পরিবার জানায়, গত ৩০ মার্চ ভোররাতে ভাংগুনী ডাংগা গ্রামের তাদের বাড়িতে চুরি ঘটে। আব্দুল কুদ্দুস শহরে থাকলেও গ্রামের বাড়িতে তার মা ও আত্মীয়স্বজন থাকেন। ঘটনার রাতে জাকির হোসেনকে বাড়ির আশপাশে ঘোরাফেরা করতে দেখা গেছে। পরে চুরি হওয়া শাড়ি একই এলাকার শহীদের স্ত্রী নাছিমার কাছে বিক্রি করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ঘটনার পর স্থানীয়ভাবে সালিশ বসানো হয়। সালিশে নাছিমা চুরির মালামাল কেনার বিষয়টি স্বীকার করলে অভিযোগের সত্যতা প্রাথমিকভাবে উঠে আসে। তবে অভিযুক্ত জাকির হোসেন সালিশে উপস্থিত হননি। ভুক্তভোগী পরিবার পরে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

ভুক্তভোগী পিপাসা বলেন, “মেয়ের জন্য দীর্ঘদিন ধরে সংগ্রহ করা গহনা ও প্রয়োজনীয় জিনিসপত্র সবই চুরি হয়ে গেছে। আমি চাই এর সঠিক বিচার হোক।”

ঘটনার পর থেকেই জাকির হোসেন পলাতক রয়েছেন। তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় এবং বুধবার তার বাড়িতেও তাকে পাওয়া যায়নি।

মেলান্দহ থানার উপ-পরিদর্শক জোর্তিময় সরকার জানিয়েছেন, লিখিত অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করে চুরির আংশিক সত্যতা পাওয়া গেছে। তদন্ত চলছে এবং অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।

উল্লেখ্য, এর আগে রান্ধুণীগাছা গ্রামে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তিনি তার স্ত্রীকে তালাক দিয়েছেন, যা ব্যাপক সমালোচনার মুখে পড়েছিল।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495