ঝুট দখল নিয়ে যুবদলের দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, পথচারীসহ গুলিবিদ্ধ ২
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ০৮:৫৪ পিএম
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি তৈরি পোশাক কারখানার ঝুট দখলকে কেন্দ্র করে যুবদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে এক মাদ্রাসা শিক্ষার্থীসহ দুজন গুলিবিদ্ধ হয়েছেন এবং অন্তত ৮ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে ফতুল্লার পঞ্চবটি চাঁদনী হাউজিং এলাকায় অবস্থিত ‘বেস্ট স্টাইল কম্পোজিট গার্মেন্টস’-এর সামনে এ ঘটনা ঘটে। স্থানীয় ও রাজনৈতিক সূত্র জানায়, জেলা যুবদলের সদস্যসচিব মশিউর রহমান রনি ও ফতুল্লা থানা যুবদলের আহ্বায়ক মাসুদের অনুসারীদের মধ্যে দীর্ঘদিনের বিরোধের জেরে প্রায় এক ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ চলে।
গুলিবিদ্ধরা হলেন— এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক খোকা মিয়ার ছেলে রাকিব (২২) এবং স্থানীয় আসমাউল হোসেনের ছেলে মাদ্রাসা শিক্ষার্থী ইমরান হোসেন (১২)। গুরুতর আহত অবস্থায় ইমরানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সূত্র জানায়, গত ৫ আগস্টের পর থেকে উক্ত গার্মেন্টসের ঝুট নামানোর কাজ করছিলেন মশিউর রহমান রনির অনুসারী সারজিল আহমেদ অভি। এ নিয়ে মাসুদের অনুসারীদের সঙ্গে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে ঝুট দখলকে কেন্দ্র করে দুই পক্ষ মুখোমুখি অবস্থান নেয় এবং পরে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার সময় মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ হন ইমরান হোসেন। তার বাবা আসমাউল হোসেন জানান, ছেলের পেটে গুলি লেগেছে এবং বর্তমানে সে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
এ বিষয়ে মশিউর রহমান রনি দাবি করেন, এটি কোনো রাজনৈতিক নয় বরং ব্যবসায়িক বিরোধ। তিনি বলেন, বৈধভাবে ঝুট উত্তোলনের সময় তাদের ওপর হামলা চালানো হয়েছে এবং তিনি ব্যক্তিগতভাবে এ ঘটনায় জড়িত নন।
অন্যদিকে অভিযোগের বিষয়ে জানতে ফতুল্লা থানা যুবদলের আহ্বায়ক মাসুদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে তার অনুসারী হিসেবে পরিচিত রাসেল মাহমুদ বলেন, তিনি এ ঘটনায় জড়িত নন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলেন।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, ঝুট নিয়ে বিরোধের জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।