বগুড়া-৬ উপনির্বাচনে ধানের শীষের জয়, বড় ব্যবধানে জিতলেন বাদশা
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ০৯:৪৬ পিএম
বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে জয় পেয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী রেজাউল করিম বাদশা। ‘ধানের শীষ’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
ঘোষিত ফলাফলে দেখা যায়, বাদশা পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৯৩১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী আবিদুর রহমান সোহেল পেয়েছেন ৫৭ হাজার ১৫৯ ভোট।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত ৯টার দিকে ফলাফল ঘোষণা করেন সিনিয়র জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা ফজলুল করিম।
নির্বাচনের তথ্য অনুযায়ী, ১৫০টি ভোটকেন্দ্রে মোট বৈধ ভোট পড়েছে ১ লাখ ৯১ হাজার ৬১৬টি। বাতিল হয়েছে ১ হাজার ৭১০টি ভোট। এ আসনে ভোটার উপস্থিতির হার ছিল ৪২ দশমিক ৫৮ শতাংশ।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, উপনির্বাচনে মোট তিনজন প্রার্থী অংশ নেন। এর মধ্যে বিএনপির রেজাউল করিম বাদশা সর্বোচ্চ ভোট পেয়ে বিজয়ী হন। জামায়াতের প্রার্থী আবিদুর রহমান সোহেল দ্বিতীয় অবস্থানে থাকেন। এছাড়া বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির প্রার্থী আল আমিন তালুকদার পেয়েছেন ৫২৬ ভোট।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে ২ লাখ ১৬ হাজার ভোট পেয়ে নির্বাচিত হন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। পরবর্তীতে তার ছেড়ে দেওয়া আসনেই এই উপনির্বাচন অনুষ্ঠিত হয়।