বগুড়া-৬ উপনির্বাচন

৮৩৫ এজেন্ট থাকলেও মাত্র ৪৯৯ ভোট পেয়ে জামানত হারালেন প্রার্থী

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬, ১০:৩৮ পিএম

ছবি: সংগৃহীত

বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির প্রার্থী মো. আল-আমিন তালুকদার মাত্র ৪৯৯ ভোট পেয়ে জামানত হারিয়েছেন। অথচ নির্বাচনে তার পোলিং এজেন্টের সংখ্যা ছিল ৮৩৫ জন, যা নিয়ে তৈরি হয়েছে বিস্ময় ও নানা প্রশ্ন।

নির্বাচনের হিসাব অনুযায়ী, মোট প্রদত্ত ভোটের মাত্র ০.২৬ শতাংশ পেয়েছেন তিনি। যেখানে জামানত রক্ষার জন্য প্রয়োজন ছিল অন্তত সাড়ে ১২ শতাংশ ভোট, সেখানে এই প্রার্থী ছিলেন অনেকটাই পিছিয়ে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ১৫০টি কেন্দ্রের ৮৩৫টি কক্ষে তার পোলিং এজেন্ট উপস্থিত ছিলেন। অর্থাৎ প্রায় প্রতিটি কক্ষে তার প্রতিনিধি থাকলেও ভোটের ফলাফলে তার কোনো প্রতিফলন দেখা যায়নি। নির্বাচনের আগে থেকেই তার প্রচারণা ছিল কার্যত অনুপস্থিত। মনোনয়ন জমা দেওয়ার পর তাকে জনসম্মুখে খুব একটা দেখা যায়নি। শহরের কোথাও ছিল না পোস্টার, ব্যানার কিংবা প্রচারণার দৃশ্যমান কার্যক্রম। এমনকি নির্বাচন কমিশনে দেওয়া তার মোবাইল নম্বরও বেশিরভাগ সময় বন্ধ পাওয়া গেছে।

‘ফুলকপি’ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিলেও ভোটারদের কাছে তিনি ছিলেন প্রায় অপরিচিত। ফলে শুরু থেকেই অনেকেই তার জামানত হারানোকে নিশ্চিত ধরে নিয়েছিলেন। তবে ৮৩৫ এজেন্ট থাকার পরও মাত্র ৪৯৯ ভোট পাওয়ার বিষয়টি উপনির্বাচনের সবচেয়ে আলোচিত ঘটনাগুলোর একটি হয়ে দাঁড়িয়েছে।

এ বিষয়ে প্রার্থীর বক্তব্য জানার চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ থাকায় কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পরবর্তীতে তার মন্তব্য পাওয়া গেলে তা সংযুক্ত করা হবে।

এদিকে বগুড়া-৬ আসনের উপনির্বাচনে বিপুল ব্যবধানে জয়লাভ করেছেন বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত ৯টার দিকে বেসরকারিভাবে তার বিজয়ের খবর নিশ্চিত হয়। জেলা নির্বাচন কার্যালয়ের তথ্যমতে, ১৫১টি কেন্দ্রে (একটি পোস্টাল ব্যালটসহ) মোট ভোট পড়েছে ৪২ দশমিক ৫৮ শতাংশ। এর মধ্যে তিনি পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৯৩১ ভোট। অন্যদিকে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আবিদুর রহমান সোহেল পেয়েছেন ৫৭ হাজার ১৫৯ ভোট এবং আল-আমিন তালুকদার পেয়েছেন ৪৯৯ ভোট।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে তারেক রহমান ২ লাখ ১৬ হাজার ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবিদুর রহমান সোহেল পেয়েছিলেন ৯৭ হাজার ভোট। তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনেই অনুষ্ঠিত হয় এই উপনির্বাচন।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495