বিজিবি দেখে পালালো চার ব্যক্তি, ফেলে যাওয়া ব্যাগে মিলল ১ হাজার ৪০০ গুলি

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ০৮:৩১ পিএম

ছবি: সংগৃহীত

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চার ব্যক্তি মোটরসাইকেল ও একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়।

শনিবার (১১ এপ্রিল) সকালে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার বিকেলে উপজেলার দুর্গম বৌদ্ধমনিপাড়া কাঁঠালতলী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পানছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. রবিউল ইসলাম জানান, উদ্ধার হওয়া গোলাবারুদের পরিমাণ ১ হাজার ৪০০ রাউন্ড।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৌদ্ধমনিপাড়া সীমান্ত ফাঁড়ির নায়েব সুবেদার মো. শাহ আলমের নেতৃত্বে একটি টহল দল কাঁঠালতলী এলাকায় অবস্থান নেয়। বিকেল ৪টার দিকে সীমান্ত সড়ক দিয়ে দুটি মোটরসাইকেলে চারজনকে আসতে দেখে তাদের চ্যালেঞ্জ করা হয়। এ সময় বিজিবির উপস্থিতি বুঝতে পেরে তারা দ্রুত মোটরসাইকেল ও একটি ব্যাগ ফেলে পাশের পাহাড়ি এলাকায় পালিয়ে যায়।

পরে ফেলে যাওয়া ব্যাগটি তল্লাশি করে ১ হাজার ৪০০ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়।

এদিকে উদ্ধার করা গোলাবারুদ নিয়ে ফেরার পথে বিজিবি টহল দলকে ঘিরে ধরার চেষ্টা করে প্রায় ১০০ থেকে ১১০ জনের একটি সশস্ত্র দল। বিষয়টি দ্রুত ব্যাটালিয়ন সদর দপ্তরে জানানো হলে ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর এস এম ইমরুল কায়েসের নেতৃত্বে অতিরিক্ত দুটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে। বিজিবির শক্ত অবস্থান টের পেয়ে ওই সন্ত্রাসীরা সরে যায়।

লেফটেন্যান্ট কর্নেল মো. রবিউল ইসলাম বলেন, সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র ও গোলাবারুদসহ সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। গোয়েন্দা নজরদারি জোরদার ও নিয়মিত টহলের মাধ্যমে এ ধরনের অপরাধ দমনে অভিযান অব্যাহত থাকবে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495