একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম, গাজীপুরে গৃহবধূর ঘরে আনন্দের বন্যা
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ০৯:২৬ পিএম
গাজীপুরে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়ে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন গৃহবধূ মাসুমা আক্তার। জন্মের পর মা ও নবজাতকরা সুস্থ অবস্থায় বাড়ি ফিরেছেন। পাঁচ সন্তানের মধ্যে তিনজন মেয়ে ও দুজন ছেলে। এমন ব্যতিক্রমী ঘটনা দেখতে ইতোমধ্যে তাদের বাড়িতে ভিড় জমাচ্ছেন স্থানীয়রা।
শনিবার (১১ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন গাজীপুর জেলা সিভিল সার্জন ডা. মামুনুর রহমান। তিনি জানান, শুক্রবার সন্ধ্যায় কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নের দীঘাবর গ্রামে নিজ বাড়িতে পাঁচ নবজাতক নিয়ে ফিরেছে পরিবারটি।
বর্তমানে বাড়িতেই শিশুদের যত্ন নেওয়া হচ্ছে এবং চিকিৎসকদের পক্ষ থেকেও নিয়মিত নজরদারি রাখা হচ্ছে। এর আগে গত ৫ এপ্রিল ঢাকার পিজি হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে মাসুমা আক্তারের কোলজুড়ে আসে পাঁচটি শিশু। এ ঘটনায় পরিবারজুড়ে নেমে আসে আনন্দের আমেজ।
মাসুমার স্বামী কাজল মিয়া জানান, প্রসব ব্যথা ওঠার আগেই নির্ধারিত সময়ে উন্নত চিকিৎসার জন্য তারা ঢাকার পিজি হাসপাতালে যান। সেখানে চিকিৎসকদের তত্ত্বাবধানে সফলভাবে সিজারিয়ান অপারেশন সম্পন্ন হয় এবং একে একে পাঁচ সন্তান তাদের কোলে তুলে দেওয়া হয়। এমন ঘটনায় হাসপাতালের চিকিৎসকরাও বিস্মিত হয়ে পড়েন বলে জানান তিনি।
এদিকে কাপাসিয়া মডিউল কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক কামরুজ্জামান সেলিম জানান, শুক্রবার গোপনীয়তার সঙ্গে মা ও পাঁচ নবজাতককে ক্লিনিকে আনা হয়। পরীক্ষা করে দেখা গেছে, পাঁচ শিশুর মোট ওজন প্রায় আট কেজি এবং প্রত্যেকের ওজন দেড় কেজির বেশি। তিনি বলেন, সাধারণত এ ধরনের ঘটনা খুবই বিরল এবং বিশেষ ক্ষেত্রে এমনটি ঘটে থাকে। পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের সুস্থতা নিশ্চিত করে বাড়িতে পাঠানো হয়েছে।