পার্সেলে কাফনের কাপড় পাঠিয়ে দুই শিক্ষককে হুমকি, এলাকায় চাঞ্চল্য
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ০৬:৩৯ পিএম
নাটোরের গুরুদাসপুরে রোজী মোজাম্মেল মহিলা কলেজের দুই শিক্ষককে পার্সেলের মাধ্যমে কাফনের কাপড় পাঠিয়ে হুমকি দেওয়ার ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
রোববার (১২ এপ্রিল) দুপুরে কলেজ চলাকালীন সময়ে পার্সেল দুটি খোলার পর ভেতর থেকে কাফনের কাপড় বেরিয়ে এলে সংশ্লিষ্ট শিক্ষকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কাপড়গুলো জব্দ করে থানায় নিয়ে যায়।
হুমকির শিকার শিক্ষকরা হলেন কলেজটির মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আনোয়ার হোসেন এবং ইসলাম শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক আব্দুস সামাদ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বিকেলে স্থানীয় ডাকঘরের এক কর্মী ওই দুই শিক্ষকের নামে দুটি পার্সেল কলেজে পৌঁছে দেন। রোববার পার্সেল খুলে দেখা যায়, প্রতিটিতে চার খণ্ড করে নতুন কাফনের কাপড় ভাঁজ করে রাখা হয়েছে। বিষয়টি দেখে শিক্ষকরা আতঙ্কিত হয়ে সহকর্মীদের জানান এবং দ্রুত পুলিশকে অবহিত করেন।
পার্সেলের গায়ে উল্লেখিত প্রেরকের তথ্যে দেখা যায়, আনোয়ার হোসেনের পার্সেলে লিখন হোসেন এবং আব্দুস সামাদের পার্সেলে জনি আহমেদের নাম লেখা রয়েছে। উভয়ের ঠিকানা হিসেবে সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার নাম উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগী শিক্ষকরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে শিক্ষকতা পেশায় নিয়োজিত থাকলেও কারও সঙ্গে তাদের কোনো শত্রুতা বা বিরোধ নেই। হঠাৎ এমন ঘটনায় তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
কলেজের অধ্যক্ষ মাহতাব উদ্দিন বলেন, প্রতিষ্ঠানের শিক্ষকদের সঙ্গে এমন ন্যাক্কারজনক ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের দ্রুত পদক্ষেপ প্রয়োজন।
এ বিষয়ে গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুরুল আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে কাফনের কাপড় জব্দ করেছে। প্রাথমিকভাবে পার্সেলের প্রেরকের ঠিকানা সিরাজগঞ্জে বলে জানা গেছে। ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।