দলীয় কোন্দলের জেরে ছেলের গুলিতে আহত বিএনপি নেতা

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ১২:৫২ এএম

ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ভালুকা উপজেলায় দলীয় কোন্দল ও পারিবারিক বিরোধের জেরে ছেলের গুলিতে বিএনপির এক নেতাসহ অন্তত তিনজন আহত হয়েছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর প্রায় ১টার দিকে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের নারিশের মোড় এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ঘটনাস্থলে অন্তত দুই রাউন্ড গুলির শব্দ শোনা যায়।

আহতরা হলেন- ভালুকা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য খোকা মিয়া (৫০), তাঁর সহযোগী স্থানীয় খোকন (৪৫) এবং রানার পক্ষের বখতিয়ার আহমেদ নাহিন (২৪)। গুরুতর আহত খোকা মিয়া ও খোকনকে প্রথমে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা গেছে, খোকা মিয়ার ছেলে তোফায়েল আহমেদ রানা হবিরবাড়ী ইউনিয়ন যুবদলের সঙ্গে জড়িত। দীর্ঘদিন ধরেই বাবা-ছেলের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। বিশেষ করে জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ভিন্ন রাজনৈতিক অবস্থানের কারণে তাদের দ্বন্দ্ব তীব্র হয়ে ওঠে।

ঘটনার দিন দুপুরে নামাজের সময় রানা তাঁর অফিসে কয়েকজনকে নিয়ে অবস্থান করছিলেন। এ সময় খোকা মিয়া সেখানে গিয়ে অফিস বন্ধ করতে বললে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে রানা তাঁর বাবাকে লক্ষ্য করে গুলি ছোড়েন বলে স্থানীয়দের অভিযোগ। এতে তিনজন আহত হন।

ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মিনারা জানান, আহতদের শরীরে সরাসরি গুলির চিহ্ন পাওয়া যায়নি। তবে তারা গুলিবিদ্ধ হওয়ার দাবি করেছেন। বিষয়টি নিশ্চিত হতে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হবে।

ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম জানান, পারিবারিক বিরোধ ও রাজনৈতিক মতপার্থক্যের জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495