মন্ত্রীর পাশের চেয়ারে বসা নিয়ে মারামারি, ক্ষুব্ধ হয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করলেন মন্ত্রী
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ০২:১৪ পিএম
সিলেটের গোয়াইনঘাটে একটি বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রীর পাশের চেয়ারে বসা কেন্দ্র করে দুই ব্যক্তির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। এতে করে পুরো উদ্বোধনী অনুষ্ঠানটি পণ্ড হয়ে যায়।
সোমবার বিকেলে উপজেলার রুস্তুমপুর ইউনিয়নের বীরমঙ্গল উচ্চবিদ্যালয়ে এ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী। জানা যায়, সংঘর্ষে জড়িত দুই ব্যক্তি যুবদলের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট।
স্থানীয় সূত্রে জানা গেছে, মন্ত্রী অনুষ্ঠানস্থলে পৌঁছানোর পর তার পাশের একটি আসন দখলকে কেন্দ্র করে দুই যুবদল নেতার মধ্যে বিরোধ শুরু হয়। শুরুতে বাকবিতণ্ডা হলেও তা দ্রুত হাতাহাতিতে রূপ নেয়। পরে উভয় পক্ষের সমর্থকেরা এতে জড়িয়ে পড়লে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
মন্ত্রীর সামনে এমন বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হওয়ায় তিনি অসন্তোষ প্রকাশ করেন এবং অনুষ্ঠান শেষ না করেই স্থান ত্যাগ করেন। এ সময় মাইকে তাকে অনুরোধ জানানো হলেও তিনি পুলিশি নিরাপত্তায় দ্রুত সেখান থেকে চলে যান। পরে তিনি অন্য একটি অনুষ্ঠানে অংশ নেন।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান মনির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অনুষ্ঠানে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। মন্ত্রীর নির্দেশে তাকে নিরাপদে সরিয়ে নেওয়া হয় এবং পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।