ফতুল্লায় ঝুট ব্যবসা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ: যুবদলের দুই শীর্ষ নেতাসহ তিনজন গ্রেপ্তার

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ০৮:৩২ পিএম

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লায় গার্মেন্টসের ঝুট নামানোকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় এনায়েতনগর ইউনিয়ন যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৫ এপ্রিল) দুপুরে ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে পটুয়াখালীর কুয়াকাটা এলাকার একটি আবাসিক হোটেলে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—এনায়েতনগর ইউনিয়ন যুবদলের সভাপতি মনির হোসেন (৫০), সাধারণ সম্পাদক খায়রুল আলম জসিম (৪৯) এবং কর্মী লিয়ন মাহমুদ আকাশ (২২)।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৯ এপ্রিল ফতুল্লার ঝুট ব্যবসাকে কেন্দ্র করে এনায়েতনগরের শাসনগাঁও চাঁদনী হাউজিং এলাকায় বিএনপির দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। প্রায় এক ঘণ্টা ধরে চলা ওই সংঘর্ষে গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণে শিশুসহ তিনজন আহত হন।

এ ঘটনায় ফতুল্লা থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়েছে।

ওসি মো. মাহাবুব হোসেন বলেন, গ্রেপ্তারদের বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে এবং ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495