নোয়াখালীতে বিএনপি নেতার বিরুদ্ধে ২২০০ লিটার তেল লুটের অভিযোগ

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ০৯:৪৩ এএম

ছবি: সংগৃহীত

নোয়াখালীর সদর উপজেলায় এক বিএনপি নেতার বিরুদ্ধে বিপুল পরিমাণ ডিজেল লুটের অভিযোগ উঠেছে। অভিযুক্তের বিরুদ্ধে প্রায় ২২০০ লিটার জ্বালানি তেল ছিনতাইয়ের অভিযোগ করেছেন ভুক্তভোগী, যার বাজারমূল্য আনুমানিক ২ লাখ ৬০ হাজার টাকা।

মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত আনুমানিক আড়াইটার দিকে উপজেলার আন্ডারচর ইউনিয়নের পশ্চিম মাইজচরা গ্রামের চৌধুরী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত মো. নিজাম উদ্দিন চৌধুরী ওই ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং স্থানীয় চৌধুরী মেম্বারের ছেলে।

ট্রলার মালিক মো. সিরাজ মাঝি জানান, চট্টগ্রাম উপকূলে মাছ ধরায় প্রশাসনের নিষেধাজ্ঞা থাকায় তাদের পাঁচটি ট্রলার লক্ষ্মীপুরের রামগতিতে সরিয়ে নেওয়া হয়। এসব ট্রলারের জ্বালানির জন্য চট্টগ্রামের একটি ডিপো থেকে ২২০০ লিটার ডিজেল সংগ্রহ করা হয়। পরে গভীর রাতে তেলবাহী পিকআপটি আন্ডারচর ইউনিয়নের চৌধুরী বাজার এলাকায় পৌঁছালে অভিযুক্ত নিজাম উদ্দিন ও তার সহযোগীরা সেটি আটক করে।

অভিযোগ অনুযায়ী, একপর্যায়ে পিকআপ ভ্যানের চালককে অস্ত্রের মুখে জিম্মি করে গাড়িসহ তেল লুট করে নিয়ে যাওয়া হয়। পরদিন বুধবার (১৫ এপ্রিল) সকালে চৌধুরী বাজার সংলগ্ন এলাকা থেকে পিকআপটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

ভুক্তভোগীর দাবি, অভিযুক্ত নিজাম উদ্দিন তেল ফেরত দিতে এক লাখ টাকা দাবি করেছেন। এছাড়া লুটের সময় চালকের কাছ থেকে নগদ এক লাখ টাকা ও একটি মেশিনের কুলারও ছিনিয়ে নেওয়া হয়।

তবে অভিযোগ অস্বীকার করেছেন মো. নিজাম উদ্দিন চৌধুরী। তার ভাষ্য, প্রকৃত লুটকারীদের বিষয়ে ভুক্তভোগী অবগত থাকলেও তাদের নাম প্রকাশ করছেন না।

এ বিষয়ে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল ইসলাম বলেন, ভুক্তভোগী মৌখিকভাবে বিষয়টি জানিয়েছেন। তিনি নিজ উদ্যোগে তেল উদ্ধারের চেষ্টা করবেন বলে জানিয়েছেন। এতে ব্যর্থ হলে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495