অপহরণের পর নির্মাণাধীন ভবনে লিফটের গর্তে ফেলে কলেজছাত্রকে হত্যা, গ্রেফতার ৪
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ১১:৪১ পিএম
চট্টগ্রামের বাকলিয়া এলাকায় এক কলেজছাত্রকে অপহরণের পর নির্মাণাধীন ভবনে নিয়ে নির্মমভাবে হত্যা করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে হত্যার পেছনের প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (১২ এপ্রিল) বিকেলে বাকলিয়া এক্সেস রোড এলাকা থেকে বিএএফ শাহীন কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী আশফাক কবির সাজিদকে জোরপূর্বক তুলে নিয়ে যায় একদল দুর্বৃত্ত। পরে সিসিটিভি ফুটেজে তাকে অটোরিকশায় তুলে নেওয়ার দৃশ্য ধরা পড়ে।
একপর্যায়ে দুর্বৃত্তদের হাত থেকে পালিয়ে একটি নির্মাণাধীন ভবনে আশ্রয় নেয় সাজিদ। প্রাণ বাঁচাতে দৌড়ে ভবনের অষ্টম তলায় উঠে যায় সে। তবে দুর্বৃত্তরাও তাকে অনুসরণ করে সেখানে পৌঁছে যায়। পরে তাকে মারধর করে লিফট স্থাপনের জন্য রাখা ফাঁকা গর্তে ফেলে দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনাস্থলে এখনও রক্তের চিহ্ন দেখা গেছে।
খবর পেয়ে চকবাজার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। উপ-পরিদর্শক মেহেদী হাসান সৈকতের নেতৃত্বে অভিযান চালিয়ে ভবনের কেয়ারটেকার এনামুল হকসহ চারজনকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে এনায়েত উল্লাহ ও আয়মনকে চিহ্নিত সন্ত্রাসী বলে জানিয়েছে পুলিশ।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবুল আজাদ জানান, হত্যাকাণ্ডের পেছনের কারণ উদঘাটনে তদন্ত চলছে। নিহত সাজিদের গ্রামের বাড়ি কক্সবাজারের চকরিয়ায়। তিনি পরিবারের সঙ্গে বাকলিয়া ডিসি রোডের একটি ভাড়া বাসায় বসবাস করতেন।
স্বজনদের দাবি, ফারদিন হাসান নামে এক বন্ধু ফোন করে তাকে ডেকে নিয়েছিল।
এ ঘটনায় নিহতের বাবা আবুল হাশেম সিকদার বাদী হয়ে চকবাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।