সৈয়দপুরে জুমার নামাজের খুতবা শুনতে শুনতেই মসজিদে মুসল্লির মৃত্যু

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৫০ পিএম

ছবি: সংগৃহীত

নীলফামারীর সৈয়দপুরে জুমার নামাজের খুতবা চলাকালীন অবস্থায় আসলাম আলী (৫৬) নামের এক মুসল্লির মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে শহরের কেন্দ্রীয় জামে মসজিদে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

মৃত আসলাম আলী শহরের নতুন বাবু পাড়া এলাকার বাসিন্দা ছিলেন। তিনি জীবিকার জন্য ঝালমুড়ি বিক্রি করতেন। এছাড়া তিনি সৈয়দপুর শহর জামায়াতে ইসলামী যুব বিভাগের ১২ নম্বর ওয়ার্ড সভাপতি আশরাফ আলীর পিতা।

প্রত্যক্ষদর্শীরা জানান, জুমার খুতবা চলাকালীন হঠাৎ তিনি অসুস্থ হয়ে মসজিদের ভেতরেই মাটিতে পড়ে যান। পরে দ্রুত তাকে সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পবিত্র জুমার দিনে মসজিদে খুতবারত অবস্থায় তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, আসলাম আলী ছিলেন অত্যন্ত সৎ, ধর্মভীরু এবং নিয়মিত নামাজ আদায়কারী ব্যক্তি।

মৃতের বড় ছেলে আশরাফ আলী বলেন, প্রতিদিনের মতোই তার বাবা নামাজ আদায় করতে মসজিদে গিয়েছিলেন। হঠাৎ অসুস্থ হয়ে তিনি মৃত্যুবরণ করেন। এমন মৃত্যু সবার ভাগ্যে জোটে না। আল্লাহ যেন তাকে জান্নাত দান করেন।

সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জানিয়েছেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495