আসামির স্ত্রীর সঙ্গে পরকীয়া, গভীর রাতে এএসআইকে ধরে গণপিটুনি

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ১১:৪৩ এএম

ছবি: সংগৃহীত

ফরিদপুরের সালথা উপজেলায় গভীর রাতে মাদক মামলার এক আসামির স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে এক সহকারী উপপরিদর্শক (এএসআই) গণপিটুনির শিকার হয়েছেন। আহত ওই পুলিশ সদস্যের নাম মো. ইমরান হাসান।

শুক্রবার (১৭ এপ্রিল) রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার রামকান্তপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তিনি সালথা থানায় কর্মরত এবং সংশ্লিষ্ট ইউনিয়নের সহকারী বিট কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

এদিকে ঘটনাকে ঘিরে ভিন্ন ভিন্ন দাবি পাওয়া গেছে। অভিযুক্ত পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, তিনি মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে সেখানে গিয়েছিলেন। তবে আসামির পরিবারের অভিযোগ, এটি পরকীয়াজনিত ঘটনা। এএসআইকে আটকের একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মো. মেহেদী হাসান (২৮) নামে এক ব্যক্তির বিরুদ্ধে সালথা ও বোয়ালমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। অভিযোগ রয়েছে, ওই মামলার সূত্র ধরে এএসআই ইমরান প্রায়ই তার বাড়িতে যাতায়াত করতেন। এক পর্যায়ে মেহেদীর স্ত্রীর সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে বলে দাবি এলাকাবাসীর।

শুক্রবার গভীর রাতে মেহেদী হাসানের বাড়িতে প্রবেশ করলে স্থানীয়রা তাকে হাতেনাতে আটক করে এবং মারধর করে। পরে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

মেহেদী হাসান বলেন, তিনি একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি এবং কাজের প্রয়োজনে প্রায়ই বাইরে থাকেন। তার অনুপস্থিতিতে এএসআই ইমরান তার স্ত্রীর সঙ্গে অনৈতিক আচরণ করতেন বলে অভিযোগ করেন তিনি। এমনকি এ সংক্রান্ত অডিও ও ভিডিও প্রমাণ সংগ্রহের কথাও জানান।

তবে এএসআই ইমরান তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি আসামি ধরতেই সেখানে গিয়েছিলেন। যদিও গভীর রাতে একা ও সাদা পোশাকে অভিযানে যাওয়ার বিষয়ে কোনো স্পষ্ট ব্যাখ্যা দিতে পারেননি তিনি।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495