বিদ্যুৎ না থাকায় মোমবাতির আলোয় মাস্টার্স পরীক্ষা, ভিডিও ভাইরাল
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ১২:২৮ পিএম
বরিশালে মাস্টার্স চূড়ান্ত পরীক্ষার সময় বিদ্যুৎ না থাকায় মোমবাতির আলো জ্বালিয়ে পরীক্ষার্থীদের পরীক্ষা দিতে হয়েছে। এ ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, প্রচণ্ড গরম ও পর্যাপ্ত আলো না থাকা সত্ত্বেও পরীক্ষার্থীরা মোমবাতির আলোয় পরীক্ষা দিচ্ছেন। ঘটনাটি ঘটে বরিশাল সরকারি মহিলা কলেজ কেন্দ্রে মাস্টার্স চূড়ান্ত পর্বের পরীক্ষা চলাকালীন সময়ে।
কলেজের অধ্যক্ষ মো. আসাদুজ্জামান জানান, গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে এ পরিস্থিতি সৃষ্টি হয়। সে সময় কলেজে দুটি বিদ্যুৎ সংযোগ থাকলেও কোনো লাইনেই বিদ্যুৎ ছিল না। ফলে বাধ্য হয়ে শিক্ষার্থীরা মোমবাতির আলোয় পরীক্ষা দেন।
তিনি আরও বলেন, দায়িত্বপ্রাপ্ত বিদ্যুৎ কর্তৃপক্ষকে একাধিকবার ফোন করা হলেও তারা জানায় ট্রান্সফরমারের কাজ চলমান ছিল। ফলে প্রায় এক ঘণ্টা ধরে শিক্ষার্থীদের এভাবেই পরীক্ষা দিতে হয়।
অধ্যক্ষ জানান, ওই পরীক্ষায় ব্রজমোহন কলেজের শিক্ষার্থীরাও অংশ নেন। ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি এড়াতে কলেজে সৌর বিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের পরিকল্পনা রয়েছে, যা বড় ও ব্যয়বহুল প্রকল্প হওয়ায় সরকারের সঙ্গে আলোচনা করা হবে।
এদিকে, ওজোপাডিকো-২ এর নির্বাহী প্রকৌশলী মো. মঞ্জুরুল ইসলাম জানান, পরীক্ষার সময় বিদ্যুৎ না থাকার বিষয়টি তাকে কেউ জানায়নি এবং কেউ যোগাযোগও করেনি। তিনি বলেন, বর্তমানে চাহিদার তুলনায় বিদ্যুৎ উৎপাদন কম থাকায় এ ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে।