বিএনপি নেতার বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, জীবন বাঁচাতে পালিয়ে বেড়াচ্ছেন স্ত্রী

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ১২:৪২ পিএম

ছবি: সংগৃহীত

ঝালকাঠি সদর উপজেলার গাভা রামচন্দ্রপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জামাল সিকদারের বিরুদ্ধে যৌতুক দাবি ও ভয়াবহ শারীরিক নির্যাতনের গুরুতর অভিযোগ তুলেছেন তার স্ত্রী নিশাত জাহান ছবি। স্বামীর নির্যাতন ও জীবনের নিরাপত্তাহীনতার কারণে তিনি ও তার সন্তান বর্তমানে পালিয়ে বেড়াচ্ছেন বলে দাবি করেছেন।

শনিবার (১৮ এপ্রিল) দুপুরে ঝালকাঠি প্রেসক্লাবের কাজী খলিলুর রহমান মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন ভুক্তভোগী নারী।

নিশাত জাহান জানান, ১৯৯৫ সালে এফিডেভিটের মাধ্যমে ধর্ম পরিবর্তন করে রিয়াছুল আমিন ওরফে জামাল সিকদারকে তিনি বিয়ে করেন। তাদের দাম্পত্য জীবনে ১৩ বছর বয়সী একটি পুত্রসন্তান রয়েছে।

তিনি অভিযোগ করেন, বিয়ের পর থেকেই স্বামী নিয়মিত যৌতুক দাবি করে আসছিলেন এবং শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন। তার ভাষ্য অনুযায়ী, এখন পর্যন্ত বাবার বাড়ি ও আত্মীয়দের কাছ থেকে প্রায় ১০ লাখ টাকা এবং চার ভরি স্বর্ণালংকার দেওয়া হয়েছে, তবুও নির্যাতন বন্ধ হয়নি।

সংবাদ সম্মেলনে নিশাত আরও অভিযোগ করেন, তার স্বামী একাধিক নারীর সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িত। এসব বিষয়ে প্রতিবাদ করলেই নির্যাতনের মাত্রা আরও বেড়ে যেত। এমনকি গত ৫ আগস্টের পর তাকে একাধিকবার হত্যার চেষ্টা করা হয়েছে বলেও তিনি দাবি করেন।

বর্তমানে তিনি ও তার সন্তান চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং পরিচয় গোপন করে বিভিন্ন স্থানে অবস্থান করছেন বলে জানান তিনি।

অন্যদিকে, অভিযোগের বিষয়ে জানতে চাইলে রিয়াছুল আমিন ওরফে জামাল সিকদার এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন। তিনি বলেন, তাকে সামাজিকভাবে হেয় করার উদ্দেশ্যেই এসব অভিযোগ আনা হয়েছে এবং তার স্ত্রী স্বেচ্ছায় বাড়ি ছেড়ে চলে গেছেন, তিনি পালিয়ে নেই।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495