কাশিপুর কলেজ মোড়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ: উভয়পক্ষের আহত, দোকান ভাঙচুর
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ১২:১৭ পিএম
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাশিপুর কলেজ মোড়ে শনিবার (১৮ এপ্রিল ২০২৬) বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ৭ জন আহত হয়েছেন এবং কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর চালানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, এক বৃদ্ধাকে অপমান করার ঘটনাকে কেন্দ্র করে প্রথমে বাকবিতণ্ডা সৃষ্টি হয়। এ সময় বিষয়টি মীমাংসার চেষ্টা করলে জামায়াতের এক কর্মীকে মারধর করা হয়। পরে উভয়পক্ষের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
একপর্যায়ে অভিযোগ ওঠে, বিএনপির কিছু নেতাকর্মী লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে জামায়াতের নিরস্ত্র কর্মীদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে ঘটনাস্থলেই অন্তত পাঁচজন গুরুতর আহত হন।
আহতদের মধ্যে মোবারক হোসেন (৩৩), পিতাঃ নূর ইসলাম, মোঃ জাকির হোসেন (২২) পিতাঃ ইদ্রিস আলী, আব্দুল মালেক (৫৫) মৃত আব্দুল জলিল, ও আব্দুল জব্বার (৫২) পিতাঃ মৃত রহমত আলী বেপারী উল্লেখযোগ্য। তাদের মধ্যে আব্দুল মালেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রংপুরের লাইফ লাইন হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের নাগেশ্বরী ও ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে অধিকাংশ জনের মাথায় প্রচন্ড যখম ও হাত ভাঙ্গা এবং কারো পায়ের হাড় ফ্র্যাকচার হওয়া।
এদিকে, বিএনপির দুই কর্মী—সিজান আহমেদ (২০) ও আলমগীর হোসেন (২২)—ও আহত হয়ে ফুলবাড়ী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, সংঘর্ষ চলাকালে কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের মধ্যে মোবারক হোসেনের আতর ও টুপির দোকান, সাইফুল ইসলামের চায়ের দোকান এবং মোস্তাফিজুর রহমানের ফিড ও ভেটেরিনারি ওষুধের দোকান রয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট ক্ষয়ক্ষতির পরিমাণ লক্ষাধিক টাকা বেশি বলে জানা গেছে।
স্থানীয়রা অভিযোগ করেছেন, বিএনপির এক কর্মী জাহাঙ্গীর (ডাকনাম ‘জাহাঙ্গীর পাগলা’)-এর উগ্র আচরণের কারণে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এছাড়া বিএনপির ইউনিয়ন সেক্রেটারির সম্পৃক্ততার অভিযোগও উঠে এসেছে।