চাঁদপুরে এনসিপিতে গণজোয়ার, বিএনপি ও গণঅধিকার থেকে দুই শতাধিক নেতাকর্মীর যোগদান

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ১২:২৭ পিএম

ছবি: সংগৃহীত

চাঁদপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর প্রতি আগ্রহ বাড়ছে। দলটির আদর্শ ও লক্ষ্যকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও গণঅধিকার পরিষদ থেকে দুই শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগ দিয়েছেন।

শনিবার (১৮ এপ্রিল) বিকেলে চাঁদপুর প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে জেলা আহ্বায়ক মো. মাহবুব আলমের হাতে ফুল তুলে দিয়ে তারা দলে অন্তর্ভুক্ত হন।

অনুষ্ঠানে চাঁদপুরের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বীর মুক্তিযোদ্ধা এবং জুলাই আন্দোলনের রাজপথের যোদ্ধারাও অংশ নেন এবং আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগ দেন।

চাঁদপুর জেলা এনসিপির আহ্বায়ক মো. মাহবুব আলমের সভাপতিত্বে এবং সদস্য সচিব আমানুল্লাহ পাটওয়ারীর সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

সভাপতির বক্তব্যে মাহবুব আলম বলেন, চাঁদপুর থেকেই তারা একটি নতুন ধারার রাজনীতি গড়ে তুলতে চান, যেখানে ব্যক্তির চেয়ে নাগরিকের অধিকার বেশি গুরুত্ব পাবে। মুক্তিযোদ্ধা ও তরুণদের সঙ্গে নিয়ে একটি বৈষম্যহীন সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

তিনি আরও বলেন, এনসিপি দেশের রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করছে। বিএনপি ও গণঅধিকার পরিষদ থেকে বিপুলসংখ্যক নেতাকর্মীর যোগদান প্রমাণ করে যে সাধারণ মানুষ দলটির গণমুখী রাজনীতির প্রতি আস্থা রাখছে। নতুন যোগদানকারীরা দলের লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল মুক্তিযোদ্ধা ও জুলাই আন্দোলনের যোদ্ধাদের দলে অন্তর্ভুক্তি। তাদের উপস্থিতিতে পুরো পরিবেশ আবেগঘন হয়ে ওঠে। এ সময় নবাগত সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন জেলা ও কেন্দ্রীয় নেতারা।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495