পদ্মায় টহলকালে পুলিশের নৌদলে সন্ত্রাসী হামলা, ওসিসহ ৫ সদস্য গুলিবিদ্ধ
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ১২:২৪ পিএম
পাবনার ঈশ্বরদীর লক্ষীকুন্ডা নৌফাঁড়ির একদল পুলিশ সদস্যের ওপর অজ্ঞাত সন্ত্রাসীদের সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এতে ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) পাঁচজন পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। কুষ্টিয়ার হরিপুর এলাকায় পদ্মা নদীতে টহল ডিউটির সময় এ হামলা চালানো হয়।
মঙ্গলবার (২১ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ১টা ১০ মিনিট থেকে ১টা ৫০ মিনিটের মধ্যে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- নৌফাঁড়ির ইনচার্জ খন্দকার শফিকুল ইসলাম, পুলিশ সদস্য ইনামুল হক, শাহিনুর হক, নাজমুল হাসান ও মানিক মিয়া। তারা সবাই লক্ষীকুন্ডা নৌফাঁড়িতে কর্মরত।
পুলিশ সূত্রে জানা যায়, নিয়মিত টহলরত অবস্থায় একটি দল পদ্মা নদীর কুষ্টিয়া অংশের হরিপুর এলাকায় পৌঁছালে সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালায়। এ সময় উভয় পক্ষের মধ্যে গোলাগুলি হয়। এতে ওসিসহ পাঁচজন পুলিশ সদস্য গুলিবিদ্ধ হন।
পরে আহতদের দ্রুত উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে সবাই চিকিৎসাধীন রয়েছেন।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মো. মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হামলার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।