দেয়াল ধসে নিহতের ঘটনার সালিশ চলাকালে ফের দেয়াল ধসে সাবেক কাউন্সিলরসহ আহত ৩
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ০২:৪২ পিএম
ব্রাহ্মণবাড়িয়ায় দেয়াল ধসে নিহতের ঘটনাকে কেন্দ্র করে চলা সালিশ বৈঠকের মধ্যেই আবারও দেয়াল ধসের ঘটনা ঘটেছে। এতে সাবেক কাউন্সিলরসহ তিনজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে শহরের পাইকপাড়া এলাকার হুমায়ুন কবির প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- এলাকার সাবেক কাউন্সিলর আহসান উল্লাহ্ হাসান, শায়েন চক্রবর্তী ও তুর্জ। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করেন।
জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. জহিরুল হক খোকন জানান, কয়েক মাস আগে পাইকপাড়া এলাকায় একটি নবনির্মিত ভবনের দেয়াল ধসে এক ব্যক্তি নিহত হন। সেই ঘটনার সালিশের জন্য রাতের দিকে ২০ থেকে ৩০ জন স্থানীয় লোকজন নিয়ে হুমায়ুন কবির প্রাথমিক বিদ্যালয় মাঠে বৈঠক চলছিল।
এ সময় হঠাৎ বিদ্যালয়ের ভবনের উপরের ছাদের একটি দেয়াল ভেঙে নিচে পড়ে। এতে সাবেক কাউন্সিলরসহ তিনজন আহত হন।
তিনি আরও জানান, রাতের বেলায় বিদ্যালয়ের ছাদে কিছু নেশাগ্রস্ত বখাটে যুবক আড্ডা দেয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।
এদিকে ব্রাহ্মণবাড়িয়া শহরের ১ নম্বর ফাঁড়ির ইনচার্জ নাসির উদ্দিন বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।