স্ত্রী তালাক দেওয়ায় শরীরে আগুন দিয়ে প্রাণ দিলেন স্বামী

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ০৮:৩৯ পিএম

ছবি: সংগৃহীত

বগুড়ার শাজাহানপুর উপজেলায় স্ত্রীর দেওয়া তালাকের পর চরম অভিমানে নিজের শরীরে পেট্রোল ঢেলে আগুন দিয়ে আত্মহননের পথ বেছে নিয়েছেন নজরুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তি।

শুক্রবার (২৪ এপ্রিল) উপজেলার আড়িয়া ইউনিয়নের বারআঞ্জুল গ্রামের মাছির বাজার মসজিদের সামনে পাকা সড়কে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নজরুল ইসলাম পেশায় শাহ ফতেহ আলী পরিবহনের তত্ত্বাবধায়ক ছিলেন। পারিবারিক খরচ নিয়মিত না দেওয়াকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ চলছিল। একাধিকবার বিচ্ছেদের পর সর্বশেষ তার স্ত্রী তাকে তালাক দেন। এতে মানসিকভাবে ভেঙে পড়ে তিনি বাজারে গিয়ে নিজের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন।

গুরুতর দগ্ধ অবস্থায় স্থানীয় মুসল্লিরা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে রাত সোয়া ১১টার দিকে তার মৃত্যু হয়।

স্থানীয় ইউপি সদস্য ঝর্ণা বেগম জানান, নজরুল ইসলাম বগুড়া শহর থেকে এসে বারআঞ্জুল গ্রামের বাসিন্দা বাচ্চু মিয়ার একমাত্র মেয়েকে বিয়ে করে দীর্ঘদিন ঘরজামাই হিসেবে বসবাস করছিলেন। তাদের সংসারে দুই ছেলে সন্তান রয়েছে।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিক ইকবাল জানান, ঋণের কারণে নজরুল ইসলাম মানসিক চাপে ছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। দাম্পত্য কলহ ও স্ত্রীর তালাকের পর তিনি ভেঙে পড়েন এবং এমন সিদ্ধান্ত নেন।

তিনি আরও জানান, এ ঘটনায় এখনো থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495