খুলনায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ১১:০৬ পিএম

ছবি: সংগৃহীত

খুলনার তেরখাদা উপজেলায় ধান কাটাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত চারজন আহত হয়েছেন।

শনিবার (২৫ এপ্রিল) সকালে উপজেলার ৬ নম্বর মধুপুর ইউনিয়নের মধুপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নূর আলম (৫৬) ইকরাম শেখের ছেলে এবং তিনি সাইফুল মোড়ল গ্রুপের কর্মী হিসেবে পরিচিত ছিলেন।

সংঘর্ষে আহতদের মধ্যে রয়েছেন- মো. হিজমুল্লাহ সোহেল রানা (৪০), নূর শেখ (৫৫), মুসা শেখ, মফিজুর রহমান (৪৫) ও আলী হুসাইন। আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, ধান কাটাকে কেন্দ্র করে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শহিদুলের অনুসারী এবং মধুপুর ইউনিয়ন বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক সাইফুল মোড়লের অনুসারীদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া ও মারামারিতে জড়িয়ে পড়ে। এতে নূর আলম গুরুতর আহত হন। পরে তাকে ঢাকায় নেওয়ার পথে মৃত্যু হয়।

তেরখাদা উপজেলা বিএনপির সদস্যসচিব চৌধুরী ফখরুল ইসলাম বলেন, মধুপুর উত্তরপাড়া বিলে ধান কাটাকে কেন্দ্র করেই এ ঘটনা ঘটেছে। তবে এটি রাজনৈতিক সহিংসতা নয় বলে দাবি করেন তিনি।

তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, জমির ধান কাটাকে কেন্দ্র করে স্থানীয় শহীদুল ও সাইফুল মোড়ল পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে চারজন গুরুতর আহত হন এবং একজন নিহত হন।

খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা মোতায়েন রয়েছে। জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495