কনটেন্ট ক্রিয়েটরকে হত্যা, প্রধান আসামি বিএনপি নেতা গ্রেপ্তার
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ১১:০৭ পিএম
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর দ্বীন ইসলাম হত্যা মামলার প্রধান আসামি ও বিএনপি নেতা আব্দুল আওয়াল (৪৮)কে গ্রেপ্তার করেছে র্যাব।
রোববার (২৬ এপ্রিল) দুপুরে তাকে কসবা থানায় হস্তান্তর করা হয়।
গ্রেপ্তার হওয়া আব্দুল আওয়াল কসবা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং মেহারী ইউনিয়ন বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি উপজেলার মেহারী ইউনিয়নের শিমরাইল গ্রামের আব্দুল লতিফ মেম্বারের ছেলে।
র্যাব-৯ এর কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. নূরন্নবী জানান, শনিবার রাতে র্যাব-৯ ও র্যাব-১ এর যৌথ অভিযানে রাজধানীর শেরেবাংলা নগর এলাকা থেকে তাকে আটক করা হয়। শেরেবাংলা নগর বালক উচ্চ বিদ্যালয়ের সামনে অবস্থানকালে গোয়েন্দা নজরদারির মাধ্যমে তাকে শনাক্ত করে গ্রেপ্তার করা সম্ভব হয়।
মামলার তথ্য ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৪ মার্চ দুপুরে কসবা উপজেলার মেহারী ইউনিয়নের শিমরাইল গ্রামে কনটেন্ট ক্রিয়েটর দ্বীন ইসলাম (৩৫)কে তার নিজ বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়। পরে তাকে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠে আব্দুল আওয়াল ও তার সহযোগীদের বিরুদ্ধে। নিহত দ্বীন ইসলাম একই গ্রামের সফিকুল ইসলামের ছেলে।
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। ঘটনার পর থেকেই প্রধান আসামি আব্দুল আওয়াল আত্মগোপনে ছিলেন।
কসবা থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পাশাপাশি মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।