প্রেম নিয়ে বিরোধে পাল্টাপাল্টি হামলা, আগুনে পুড়ল চার বাড়ি
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ১২:১৩ পিএম
নরসিংদীর মাধবদী এলাকায় প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে তীব্র সংঘর্ষ, হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন কথিত প্রেমিক সাজ্জাদ হোসেন (২২), তাকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়েছে।
রোববার (২৬ এপ্রিল) রাতে মাধবদীর খনমুর্দ্দি এলাকায় এ সহিংসতার ঘটনা ঘটে।
আহত সাজ্জাদ হোসেন ওই এলাকার মাহতাব মিয়ার ছেলে। একই মহল্লার এক তরুণীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল বলে জানা গেছে। তবে এ সম্পর্কটি মেয়েটির পরিবার মেনে নেয়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে ওই তরুণী সাজ্জাদের সঙ্গে দেখা করতে গেলে তার স্বজনরা সাজ্জাদের ওপর হামলা চালিয়ে কুপিয়ে আহত করে। পরে এর প্রতিশোধ নিতে সাজ্জাদের স্বজনরা মেয়েটির বাড়িতে হামলা চালায়। এ সময় তারা পেট্রল ঢেলে অন্তত চারটি বসতবাড়িতে আগুন ধরিয়ে দেয়।
এ বিষয়ে মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, প্রেমঘটিত বিরোধের জেরে প্রথমে একজনকে কুপিয়ে আহত করা হয়। পরবর্তীতে এর প্রতিক্রিয়ায় প্রতিপক্ষের বাড়িঘরে অগ্নিসংযোগ করা হয়। পুলিশ ঘটনাটি তদন্ত করছে এবং জড়িতদের গ্রেপ্তারে কাজ চলছে।
অন্যদিকে মাধবদী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. রায়হান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছালেও কিছু মানুষের বাধার কারণে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এতে চারটি বাড়ির প্রায় সবকিছুই পুড়ে গেছে।