ধর্ষণচেষ্টার অভিযোগে পদ হারালেন বিএনপি নেতা

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ১২:৪৭ এএম

ছবি: সংগৃহীত

রংপুরের মিঠাপুকুর উপজেলায় ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভন দেখিয়ে এক নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে মো. এনামুল হকের বিরুদ্ধে। একই সঙ্গে মামলা না করতে ভুক্তভোগী পরিবারকে হুমকি দেওয়ার অভিযোগও পাওয়া গেছে।

অভিযুক্ত মো. এনামুল হক উপজেলার ভাংনী ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও নীতি-আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে ইতোমধ্যে দল থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, ভাংনী ইউনিয়নের ঠাকুরবাড়ি গ্রামের ওই নারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে কাজ করেন। সেই সময় এনামুল হকের সঙ্গে তার পরিচয় হয়। পরে নির্বাচনের পর তাকে ফ্যামিলি কার্ড করে দেওয়ার আশ্বাস দেন বিএনপি নেতা।

ভুক্তভোগী নারী জানান, ঈদের পর ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে গত শনিবার (২৫ এপ্রিল) দুপুর ১২টার দিকে এনামুল হক তার বাড়িতে আসেন। এ সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে তিনি তাকে জড়িয়ে ধরে অনৈতিক কাজের চেষ্টা করেন। বাধা দিলে তিনি ধাক্কা দিয়ে নিজেকে রক্ষা করেন এবং সেখান থেকে পালিয়ে যান। পরে বিষয়টি জানাজানি হলে তাকে ও তার পরিবারকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন বিএনপি নেতা এনামুল হক। তার দাবি, ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা এবং তাকে ব্যক্তিগতভাবে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।

এদিকে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের দায়িত্ব থেকে তাকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে অভিযোগের সত্যতা যাচাইয়ে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

মিঠাপুকুর উপজেলা বিএনপির সভাপতি গোলাম রব্বানী জানান, অভিযোগের পরপরই সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তদন্ত শেষে প্রমাণ পাওয়া গেলে স্থায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।

মিঠাপুকুর থানার ওসি মো. নুরুজ্জামান বলেন, এ ঘটনায় এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495