সিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষে নারীসহ নিহত ৮

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ০৩ মে ২০২৬, ০৪:১১ পিএম

ছবি: সংগৃহীত

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় ট্রাক ও শ্রমিকবাহী পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নারীসহ ৮ নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও ৭ জন শ্রমিক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহতদের সবাই নির্মাণ কাজের সঙ্গে যুক্ত ছিলেন।

রোববার (৩ মে) সকাল ৭টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের তেলিবাজার এলাকায় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার মো. রেজাউল করিম।

নিহতদের মধ্যে এখন পর্যন্ত চারজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামের মো. সুরুজ আলী (৬০), একই উপজেলার শেষস্তি গ্রামের মোছা. মুন্নি বেগম (৩৫), সিলেটের জালালাবাদ থানার লালারগাঁও এলাকার মো. বদরুল (৩০) এবং দিরাই উপজেলার নুরনগর এলাকার মো. ফরিদুল (৩৫)। বাকি চারজনের পরিচয় এখনো শনাক্ত হয়নি।

আহতরা হলেন হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আমকান্দি গ্রামের মো. আলমগীর (৩২), সিলেট নগরের মদিনা মার্কেট এলাকার তোরাব উল্লাহ (৬০), আম্বরখানার রামিন (৪০) ও আফরোজ মিয়া (৪০), সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার রাজু আক্তার (২৫), সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার হাফিজা বেগম (৩০) এবং দিরাই উপজেলার রাজা মিয়া (৪৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৬টার দিকে শ্রমিক বহনকারী পিকআপটি বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে পড়ে। এতে ঘটনাস্থলেই ৪ শ্রমিক নিহত হন। গুরুতর আহত আরও ৪ জনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ৭টায় তাদের মৃত ঘোষণা করেন। এতে মোট নিহতের সংখ্যা দাঁড়ায় ৮ জনে।

এ ঘটনায় আহত আরও ৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার মো. রেজাউল করিম বলেন, “দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495