প্রেমিকাকে ফিরে পেতে ৪৬০ ফুট টাওয়ার থেকে যুবকের লাফিয়ে আত্মহত্যার চেষ্টা
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৪ মে ২০২৬, ০৬:০০ পিএম
প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ার কষ্ট সহ্য করতে না পেরে মাদারীপুরের শিবচরে ৪৬০ ফুট উঁচু একটি বৈদ্যুতিক টাওয়ারে উঠে আত্মহত্যার হুমকি দেন হাসান শিকদার (২২) নামে এক যুবক। পরে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের দীর্ঘ চেষ্টায় প্রায় সাড়ে চার ঘণ্টা পর তাকে নিরাপদে নিচে নামানো হয়।
রোববার (৩ মে) সন্ধ্যার পর শিরুয়াইল ইউনিয়নের দফাদারকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, শিবচর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হাসান শিকদারের সঙ্গে তার প্রেমিকার সম্প্রতি সম্পর্কের অবনতি ঘটে। বিচ্ছেদের বিষয়টি মেনে নিতে না পেরে তিনি প্রেমিকার বাড়ির পাশের প্রায় ৪৬০ ফুট উঁচু একটি বৈদ্যুতিক টাওয়ারে উঠে পড়েন। পরে তিনি প্রেমিকাকে ফোন করে সম্পর্ক পুনরায় টিকিয়ে রাখার অনুরোধ জানান এবং তাকে নিচে আসতে বলেন। অন্যথায় টাওয়ার থেকে লাফিয়ে আত্মহত্যার হুমকিও দেন।
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে হাসানের এক বন্ধু দ্রুত সেখানে পৌঁছে তাকে নামানোর চেষ্টা করেন। তবে প্রথমে তিনি রাজি হননি।
খবর পেয়ে শিবচর থানা পুলিশ, নিলখী তদন্ত কেন্দ্রের পুলিশ, ফায়ার সার্ভিস, পল্লী বিদ্যুৎ বিভাগের কর্মী এবং হাসানের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে তাকে নামানোর চেষ্টা চালান। দীর্ঘ সময় চেষ্টার পর রাত সাড়ে ১০টার দিকে তার বন্ধুর সহায়তায় তিনি নিচে নামতে রাজি হন।
পরে পুলিশ তাকে নিরাপত্তার মধ্যে নিয়ে শিবচর থানায় নিয়ে যায় এবং পরিবারের কাছে হস্তান্তর করে। এ সময় টাওয়ারের নিচে হাজারো উৎসুক মানুষের ভিড় জমে যায়।
স্থানীয়দের ভাষ্য, সন্ধ্যার পর হঠাৎ ওই যুবককে টাওয়ারে উঠতে দেখে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। পরে পুলিশকে খবর দেওয়া হয়।
শিবচর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তপন কুমার ঘোষ জানান, খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং প্রায় সাড়ে চার ঘণ্টা ধরে ফোনে কথা বলে ও বোঝানোর মাধ্যমে যুবককে নিরাপদে নিচে নামাতে সক্ষম হন।