১২ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন কুমিল্লার বিএনপি নেতা

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ০৪ মে ২০২৬, ০৬:১৩ পিএম

ছবি: সংগৃহীত

কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি ও দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রেজাউল কাইয়ুমকে আটকের ১২ ঘণ্টা পর থানা থেকে ছেড়ে দিয়েছে পুলিশ।

রোববার (৩ মে) দুপুর ১২টার দিকে তাকে আটক করা হয়। পরে নানা নাটকীয়তার পর রাত ১২টার দিকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ স্থানীয় নেতাদের জিম্মায় তাকে মুক্তি দেওয়া হয়।

পুলিশ সূত্রে জানা যায়, শাসনগাছা বাস টার্মিনালকেন্দ্রিক চাঁদাবাজি নিয়ন্ত্রণসহ কয়েকটি অভিযোগের ভিত্তিতে রেজাউল কাইয়ুমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছিল। তবে দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদ শেষে অভিযোগগুলোর কোনো সত্যতা পাওয়া যায়নি। এরপর দলীয় নেতাদের জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হয়।

এর আগে দুপুরে কুমিল্লা শহরের শাসনগাছা এলাকায় নিজ বাসা থেকে জেলা গোয়েন্দা পুলিশ ও কোতোয়ালি মডেল থানা পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। আটকের খবর ছড়িয়ে পড়লে বিএনপির নেতা-কর্মীরা থানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। একই সময় শাসনগাছা বাস টার্মিনাল এলাকায় পরিবহন শ্রমিক ও তার অনুসারীরাও বিক্ষোভে অংশ নেন, যার ফলে কয়েক ঘণ্টা বাস চলাচল বন্ধ থাকে।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, শাসনগাছা বাস টার্মিনাল ও আশপাশের এলাকায় চাঁদাবাজি নিয়ন্ত্রণের অভিযোগে বিভিন্ন গোয়েন্দা প্রতিবেদনে রেজাউল কাইয়ুমের নাম উঠে আসে। এসব অভিযোগের ভিত্তিতে উচ্চপর্যায়ের নির্দেশে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছিল।

তবে বিএনপির পক্ষ থেকে অভিযোগগুলোকে সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করা হয়েছে। দলটির স্থানীয় নেতারা বলেন, তাকে ষড়যন্ত্রমূলকভাবে আটক করা হয়েছিল।

আদর্শ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান জানান, একটি সাজানো অভিযোগের ভিত্তিতে তাকে থানায় নেওয়া হলেও জিজ্ঞাসাবাদ শেষে পুলিশ কোনো সত্যতা পায়নি। তাই তাকে সম্মানের সঙ্গে মুক্তি দেওয়া হয়েছে।

থানা থেকে বের হয়ে রেজাউল কাইয়ুম অভিযোগ করেন, তার বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র করা হয়েছিল। তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে আনা সব অভিযোগই মিথ্যা। দিনভর যারা আমার পাশে ছিলেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই।’

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495