চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ভয়াবহ বাস সংঘর্ষ, প্রাণ গেল ৪ জনের

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ০৯ মে ২০২৬, ১১:১৪ পিএম

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কমপক্ষে ১৫ জন গুরুতর আহত হয়েছেন।

শনিবার সকাল ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের হোটেল ফোর সিজনের সামনে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল্লাহ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রামগামী একটি বাসের সঙ্গে কক্সবাজারমুখী একই পরিবহন কোম্পানির আরেকটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় কক্সবাজারগামী বাসটি সড়কের পাশের একটি দোকানে ঢুকে পড়ে। এতে দুটি বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত উদ্ধারকাজ শুরু করেন। ঘটনাস্থল থেকেই এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। গুরুতর আহতদের বিভিন্ন হাসপাতালে নেওয়া হলে লোহাগাড়া ট্রমা সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজন মারা যান। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এদিকে দুর্ঘটনার কারণে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। কয়েক কিলোমিটার এলাকায় যানবাহন আটকে পড়ে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত বাস দুটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাহ উদ্দীন চৌধুরী জানান, আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে এবং আইনগত প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495