গ্রিলে আটকে চোরের চিৎকার, ‘স্যার আমি বের হতে পারছি না’
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১২ মে ২০২৬, ১০:৪৩ এএম
কুমিল্লায় একটি বাসায় চুরি করে পালানোর সময় বারান্দার লোহার গ্রিলের ফাঁকে আটকে পড়ে মো. মারজান হোসেন জিহাদ (২২) নামের এক যুবক ধরা পড়েছেন। এ ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যায় তার শরীরের উপরের অংশ বাইরে থাকলেও কোমরের নিচের অংশ বাসার ভেতরে আটকে রয়েছে।
ঘটনাটি ঘটে রোববার (১১ মে) দুপুরে কুমিল্লা নগরীর ইসলামপুর এলাকার আদালতের পূর্বপাশে একটি ভবনের নিচতলায়। পরে সোমবার ওই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
জানা যায়, আটক জিহাদ নগরীর ছোটরা এলাকার আবদুল বারেকের ছেলে।
ভাইরাল হওয়া ১ মিনিট ১২ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, গ্রিলের ফাঁকে আটকে থাকা অবস্থায় তিনি বের হওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করছেন। এ সময় আশপাশের লোকজন তাকে ঘিরে দাঁড়িয়ে ঘটনা দেখছিলেন। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, “স্যার আমি বের হতে পারছি না, আমার একটা বাচ্চা আছে।”
স্থানীয়দের ভাষ্যমতে, প্রায় আধাঘণ্টা চেষ্টার পর লোকজন তাকে গ্রিল থেকে বের করে আনে। ওই ভবনের মালিক ইসলামপুর এলাকার মোহাম্মদ আলী। ভবনের নিচতলায় ভাড়াটিয়া পরিবার বসবাস করত, যেখানে চুরি করতে গিয়ে জিহাদ ধরা পড়ে।
প্রত্যক্ষদর্শী আবদুল খালেক জানান, চিৎকার শুনে তারা ঘটনাস্থলে গিয়ে দেখেন একজন ব্যক্তি গ্রিলের ফাঁকে আটকে আছে। পরে তাকে উদ্ধার করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল আনোয়ার জানান, আটক যুবককে ভ্রাম্যমাণ আদালতে ২০ দিনের সাজা দেওয়া হয়েছে এবং আদালতের আদেশ অনুযায়ী তাকে কারাগারে পাঠানো হয়েছে।