পবিপ্রবিতে হামলার ঘটনায় বিএনপির চার নেতা বহিষ্কার
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১২ মে ২০২৬, ১১:১২ এএম
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিএনপির চার নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
সোমবার (১১ মে) রাতে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়। একই ঘটনায় পৃথক আরেকটি বিজ্ঞপ্তির মাধ্যমে উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ বশির উদ্দিন এবং স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মুছা ফারজীকেও বহিষ্কার করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং আদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
এর আগে বহিষ্কৃত দুমকি উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব রিপন শরীফসহ হামলায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানায় যুবদল কেন্দ্রীয় কমিটি।
এতে আরও বলা হয়, বহিষ্কৃত ব্যক্তিদের কোনো অপকর্মের দায় দল নেবে না। পাশাপাশি নেতাকর্মীদের তাদের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে বিলুপ্ত কমিটির জেলা যুবদলের সহ-সভাপতি নুরুল আলম লিটন জানান, শিক্ষক ও কর্মচারীদের ওপর হামলার ঘটনায় তারা নিন্দা জানিয়েছেন এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এদিকে সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কাজী রফিকুল ইসলামের অপসারণ দাবিতে একটি অবস্থান কর্মসূচি চলছিল। এ সময় ভিসির সমর্থনে বহিরাগতদের একটি অংশ ক্যাম্পাসে প্রবেশ করে হামলা চালায় বলে অভিযোগ ওঠে। এতে কয়েকজন শিক্ষক ও কর্মকর্তা আহত হন এবং ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
ঘটনার পর শিক্ষক সমিতিসহ বিভিন্ন সংগঠন হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।