গাজীপুরে গলা কেটে ৫ খুন: সেই ফোরকানের মরদেহ মিলল পদ্মা নদীতে

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ১৪ মে ২০২৬, ০৫:৩৮ পিএম

ছবি: সংগৃহীত

গাজীপুরের কাপাসিয়ায় স্ত্রী, তিন মেয়ে ও শ্যালককে গলা কেটে হত্যার আলোচিত ঘটনায় প্রধান অভিযুক্ত ফোরকান মিয়ার মরদেহ পদ্মা নদী থেকে উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বৃহস্পতিবার (১৪ মে) পদ্মা নদী থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। এর আগে পদ্মা সেতুর ওপর থেকে ফোরকানের ব্যাগ ও জামাকাপড় উদ্ধার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ধারণা করা হচ্ছে, ভয়াবহ হত্যাকাণ্ড ঘটানোর পর তিনি সেতু থেকে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন।

পুলিশ সূত্র জানায়, পাঁচ খুনের ঘটনার পর থেকেই ফোরকান মিয়া পলাতক ছিলেন। তাকে গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক দল অভিযান চালাচ্ছিল। এ সময় পদ্মা সেতুর ওপর থেকে উদ্ধার হওয়া ব্যাগ ও কাপড় যাচাই করে নিশ্চিত হওয়া যায়, সেগুলো ফোরকানের।

এরপর বৃহস্পতিবার পদ্মা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

গত ৮ মে দিবাগত রাতে কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে প্রবাসী মনির হোসেনের ভাড়া বাসায় ঘটে হৃদয়বিদারক এ হত্যাকাণ্ড। নিহতরা হলেন ফোরকানের স্ত্রী শারমিন, তিন মেয়ে মীম (১৫), মারিয়া (৮), ফারিয়া (২) এবং শ্যালক রসুল মিয়া।

স্থানীয়রা জানান, পেশায় প্রাইভেটকার চালক ফোরকান প্রায় এক বছর আগে ওই বাড়ির নিচতলা ভাড়া নেন। তার গ্রামের বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার মেরী গোপীনাথপুর গ্রামে। তার বাবার নাম আতিয়ার রহমান মোল্লা।

হত্যাকাণ্ডের পরদিন সকালে ফোরকান তার ছোট ভাইয়ের স্ত্রী রাশিদাকে ফোন করে পাঁচজনকে হত্যা করার কথা স্বীকার করেন বলে জানা যায়। পরে প্রতিবেশীরা ঘরে গিয়ে লোমহর্ষক দৃশ্য দেখতে পান।

ঘরের মেঝেতে পড়ে ছিল তিন শিশুকন্যার গলাকাটা মরদেহ। তাদের মা শারমিনের মরদেহ জানালার গ্রিলের সঙ্গে হাত-পা বাঁধা অবস্থায় ঝুলছিল। অন্যদিকে শ্যালক রসুল মিয়ার মরদেহ পাওয়া যায় বিছানার ওপর।

ঘটনাস্থল থেকে দেশীয় মদের খালি বোতল, রান্না করা পায়েশ, কোমল পানীয়ের বোতল এবং কিছু প্রিন্ট করা কাগজ উদ্ধার করে পুলিশ। তদন্তে জানা যায়, ফোরকান এর আগে স্ত্রীর বিরুদ্ধে ১০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ করেছিলেন। পাশাপাশি স্ত্রীর পরকীয়ার বিষয়ও ওই কাগজে উল্লেখ ছিল।

প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, পারিবারিক কলহ ও পরকীয়াজনিত বিরোধের জেরে এ নৃশংস হত্যাকাণ্ড ঘটতে পারে। এ ঘটনায় জড়িত সন্দেহে এর আগে দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছিল।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495