৭ দিন মৃত্যুর সঙ্গে লড়াই শেষে না ফেরার দেশে শিশু রেশমি
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৪ মে ২০২৬, ০৬:৫৬ পিএম
চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ এলাকায় সন্ত্রাসীদের ছোড়া গুলিতে আহত শিশু রেশমি আক্তার শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানেছে। টানা ৭ দিন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকার পর বৃহস্পতিবার (১৪ মে) সকাল পৌনে ১০টার দিকে তার মৃত্যু হয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. তসলিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, রেশমি প্রায় এক সপ্তাহ ধরে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন ছিল।
জানা যায়, গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে চট্টগ্রাম নগরের বায়েজিদ থানার রৌফাবাদ কলোনির শহীদ মিনার গলিতে মায়ের জন্য পান আনতে ঘর থেকে বের হয় রেশমি আক্তার। এ সময় এলাকায় দুই পক্ষের সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি চলছিল। এক পর্যায়ে ছোড়া গুলি এসে তার চোখে লাগে, এতে সে ঘটনাস্থলেই গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা গুলির শব্দ থামলে রক্তাক্ত অবস্থায় রেশমিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। প্রথমে তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে পরবর্তীতে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়।
দীর্ঘ ৭ দিনের চিকিৎসা ও মৃত্যুর সঙ্গে লড়াই শেষে শেষ পর্যন্ত নিষ্পাপ শিশু রেশমি মৃত্যুর কোলে ঢলে পড়ে।