টাঙ্গাইলে মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত নূরনবীকে দেখতে জনতার ভিড়

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ১৪ মে ২০২৬, ০৭:০৬ পিএম

ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় এক মাদরাসা শিক্ষার্থীর শারীরিক পরিবর্তন ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারের দাবি অনুযায়ী, ১৪ বছর বয়সী নূরমী আক্তার এখন ছেলে পরিচয়ে জীবনযাপন করছে এবং তার নতুন নাম রাখা হয়েছে নূর নবী।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার জামুর্কী ইউনিয়নের আগধল্যা গ্রামের সৌদি প্রবাসী বাদশা খলিফার বড় সন্তান নূরমী আক্তার স্থানীয় গুনটিয়া মহিলা মাদরাসার মাওলানা বিভাগের শিক্ষার্থী ছিলেন।

পরিবারের ভাষ্য অনুযায়ী, চলতি রমজান মাস থেকেই নূরমীর শরীরে বিভিন্ন ধরনের শারীরিক পরিবর্তন দেখা দিতে শুরু করে। শুরুতে বিষয়টি তেমন গুরুত্ব না পেলেও বুধবার (১৩ মে) নানির নজরে বিষয়টি আসার পর পরিবার নিশ্চিত হয়। এরপর তারা তাকে ছেলে হিসেবে স্বীকৃতি দেয় এবং নাম পরিবর্তন করে নূর নবী রাখে। পাশাপাশি তার চুল কেটে ছেলেদের মতো করে সাজানো হয় এবং নতুন পোশাকও দেওয়া হয়।

ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়ার পর নূর নবীকে এক নজর দেখতে বাড়িতে ভিড় করছেন বিভিন্ন বয়সী মানুষ। স্থানীয়দের অনেকেই বলছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে এমন ঘটনা শোনা গেলেও বাস্তবে এ ধরনের পরিবর্তন তারা আগে কখনও দেখেননি।

নূর নবীর চাচা বলেন, তাদের পরিবারে পরপর তিনটি কন্যাসন্তান ছিল। তাই নূরমীর ছেলে পরিচয়ে পরিবর্তনের বিষয়টি তারা আনন্দের সঙ্গেই গ্রহণ করেছেন।

এ বিষয়ে মির্জাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের চিকিৎসক ডা. ফরিদুল ইসলাম জানান, জন্মগত হরমোনজনিত বা ক্রোমোজোমগত পরিবর্তনের কারণে এমন ঘটনা ঘটতে পারে।

ঘটনাটি বর্তমানে পুরো টাঙ্গাইলজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। স্থানীয়দের মধ্যে বিস্ময়ের পাশাপাশি ব্যাপক কৌতূহলও তৈরি হয়েছে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495