স্ত্রীর পরকীয়া ও দ্বিতীয় বিয়ের কষ্টে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৬ মে ২০২৬, ০৬:২৪ পিএম
বগুড়ায় স্ত্রীর পরকীয়া ও অন্যত্র বিয়ের ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা করেছেন এক ব্যবসায়ী। বিষাক্ত ট্যাবলেট সেবনের পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
নিহত রাহুল যাদব (৩২) বগুড়া শহরের নামাজগড় ডালপট্টি এলাকার নিরঞ্জন গোয়ালার ছেলে। তিনি ডাল আমদানি ও ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
স্বজনরা জানান, রাহুল যাদবের স্ত্রী কয়েক মাস আগে পরকীয়ার সম্পর্কে জড়িয়ে ৮ বছর বয়সী মেয়েকে রেখে অন্য এক যুবককে বিয়ে করেন। এরপর থেকেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং হতাশায় ভুগছিলেন।
ঘটনার দিন সকালে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে একটি আবেগঘন স্ট্যাটাস দেন রাহুল। সেখানে তিনি জীবনের প্রতি অনীহা প্রকাশ করে সবার কাছে বিদায় চান। একই সঙ্গে তার মেয়ের খেয়াল রাখার অনুরোধও জানান।
পরে দুপুরে নিজ বাড়িতে বিষাক্ত ট্যাবলেট সেবন করেন তিনি। বিষয়টি বুঝতে পেরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়।
বগুড়া সদর থানার এক উপপরিদর্শক জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে।