ছাত্রদল নেতার ফেসবুক স্ট্যাটাসে ‘হা-হা’ রিয়েক্ট দেওয়ার জেরে সংঘর্ষ, এক নারীর মৃত্যু

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ১৭ মে ২০২৬, ১১:২৫ এএম

ছবি: সংগৃহীত

কক্সবাজারের উখিয়া উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যমের একটি ফেসবুক স্ট্যাটাসে ‘হা-হা’ রিয়েক্ট দেওয়াকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষের ঘটনায় এক নারীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।

শনিবার (১৬ মে) রাত ৮টার দিকে উখিয়ার রাজাপালং ইউনিয়নের টাইপালং এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাতে জানা যায়, এক সপ্তাহ আগে দেয়ালে ‘জয় বাংলা’ লেখা নিয়ে এলাকায় উত্তেজনা তৈরি হয়। এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতারা থানায় এজাহার দিলেও মামলা হয়নি, ফলে এলাকায় টানটান পরিস্থিতি চলছিল।

এরই ধারাবাহিকতায় শনিবার ছাত্রদল নেতা জিসানের একটি ফেসবুক স্ট্যাটাসে হা-হা রিয়েক্ট দেন ছাত্রলীগ নেতা ইউনুস। বিষয়টি নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ইউনুসকে মারধর করা হয় বলে অভিযোগ পাওয়া যায়।

পরে তাকে বাঁচাতে এগিয়ে গেলে এনজিও কর্মী এসএম ইমরানকেও মারধর করা হয়। এরপর ইমরানকে বাঁচাতে তার মা ছৈয়দা বেগম এগিয়ে এলে তাকেও মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে।

গুরুতর আহত অবস্থায় ছৈয়দা বেগমকে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি স্থানীয় সাব্বির আহমদের স্ত্রী।

নিহতের পরিবারের দাবি, স্থানীয় বিএনপি নেতা মিজান সিকদার, আব্দুল করিম, আকাশ, সাইফুল সিকদার, ছৈয়দ বাবুল, মাহবুবুর রহমান, ছালাম সিকদার, ছাত্রদল নেতা জিসান ও অ্যাম্বুলেন্স চালক শামসুল আলমের নেতৃত্বে তাকে হত্যা করা হয়।

অন্যদিকে, ছাত্রলীগ নেতা ইউনুসকে মারধরের পর ঘটনাস্থলে পুলিশ গেলে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তবে ওই ঘটনায় বিএনপির কোনো নেতাকর্মীকে আটক করা হয়নি বলে জানা গেছে।

এদিকে ঘটনার পর রাত সাড়ে ১২টার দিকে অভিযুক্তরা সংবাদ সম্মেলন করে ঘটনাটিকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে দুঃখ প্রকাশ করেন এবং নিজেদের নির্দোষ দাবি করেন।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজিবুর রহমান জানিয়েছেন, হাসপাতালে নেওয়ার পর ওই নারীর মৃত্যু হয়েছে। মৃত্যুর কারণ তদন্ত করে দেখা হচ্ছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495