পরীক্ষা চলাকালে মেডিকেল শিক্ষার্থীর পায়ে গুলি, প্রভাষকের ২১ বছর কারাদণ্ড

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ১৯ মে ২০২৬, ০৬:০১ পিএম

ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজে পরীক্ষা চলাকালে এক শিক্ষার্থীকে গুলি করে আহত করার ঘটনায় অভিযুক্ত প্রভাষক রায়হান শরীফকে মোট ২১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার দুপুরে সিরাজগঞ্জের বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক ও জেলা দায়রা জজ ইকবাল হোসেন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী রফিক সরকার।

দণ্ডপ্রাপ্ত রায়হান শরীফ মেডিকেল কলেজটির কমিউনিটি মেডিসিন বিভাগের প্রভাষক ছিলেন। তিনি সিরাজগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক আব্দুর রাজ্জাকের ছেলে।

ভুক্তভোগী শিক্ষার্থী আরাফাত আমিন তমাল বগুড়ার ধুনট উপজেলার ধামাচাপা গ্রামের আব্দুল্লাহ আল আমিনের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, ২০২৪ সালের ৪ মার্চ মেডিকেল কলেজের একাডেমিক ভবনের চতুর্থ তলায় পরীক্ষা চলাকালে শিক্ষার্থীদের ভয় দেখাতে আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র নিয়ে উপস্থিত হন রায়হান শরীফ। একপর্যায়ে তার ব্যাগ থেকে পিস্তল বের করে শিক্ষার্থী আরাফাত আমিন তমালকে গুলি করেন। গুলিটি তমালের ডান পায়ে লাগে এবং তিনি আহত হন।

ঘটনার পর ক্ষুব্ধ শিক্ষার্থীরা অভিযুক্ত শিক্ষককে শ্রেণিকক্ষে আটকে রেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে দুটি বিদেশি পিস্তল, গুলি, ম্যাগাজিন, বিদেশি ছোরা ও ধারালো ছুরি উদ্ধার করে তাকে আটক করে।

এ ঘটনার বিচার দাবিতে পরে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেন।

ঘটনার পর জেলা গোয়েন্দা পুলিশের এক উপপরিদর্শক এবং আহত শিক্ষার্থীর বাবা পৃথক দুটি মামলা দায়ের করেন। দীর্ঘ সাক্ষ্যগ্রহণ শেষে আদালত অস্ত্র আইনের দুটি ধারায় রায়হান শরীফকে ২১ বছরের কারাদণ্ড দেন। এছাড়া আটক অবস্থায় কাটানো সময় দণ্ডের সঙ্গে সমন্বয় করা হবে বলেও জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী।

প্রধান সম্পাদক: মো. নূরুল হক

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: আজরত পাড়া, মহাখালী, ঢাকা ১২১২।

ইমেইল: mofossolsangbad@gmail.com

মোবাইল: 01626605495