সিলেট সীমান্তে বিএসএফের গুলি, বিজিবির পাল্টা জবাব
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৯ মে ২০২৬, ০৬:৪৮ পিএম
সিলেট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী গুলি ছোড়ার ঘটনায় পাল্টা জবাব দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ।
বিজিবি জানিয়েছে, তাদের দ্রুত ও পেশাদার পদক্ষেপের কারণে পরিস্থিতি খুব দ্রুতই নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বিজিবি সূত্রে জানা যায়, সোমবার বিকেলে সিলেট ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। ওই সময় সীমান্তের ওপার থেকে গুলি ছোড়া হলে বিজিবি তাৎক্ষণিকভাবে পাল্টা প্রতিক্রিয়া জানায়।
পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে এবং বর্তমানে সীমান্ত এলাকা শান্ত ও স্থিতিশীল রয়েছে বলে জানানো হয়েছে।
ঘটনার পর সীমান্ত এলাকায় টহল ও নজরদারি আরও বাড়ানো হয়েছে।
মঙ্গলবার বিজিবি সদর দপ্তর জানিয়েছে, সীমান্তে যেকোনো উসকানিমূলক ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। দেশের সীমান্ত ও সার্বভৌমত্ব রক্ষায় বাহিনীটি দৃঢ় ও দায়িত্বশীল অবস্থানে আছে।
এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি ও সীমান্ত এলাকার বাসিন্দাদের অবৈধভাবে সীমান্ত অতিক্রম না করা এবং অননুমোদিত কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়েছে।