মোংলায় দুই ট্রলারের সংঘর্ষে ৬ শ্রমিক নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২০ মে ২০২৬, ১০:২০ এএম
বাগেরহাটের মোংলা নদীতে যাত্রীবাহী দুই ট্রলারের মুখোমুখি সংঘর্ষে নারী-পুরুষসহ অন্তত ৬ জন ইপিজেড শ্রমিক নিখোঁজ হয়েছেন।
মঙ্গলবার (১৯ মে) রাত ৯টার দিকে মোংলা খেয়াঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও নদী থেকে সাঁতরে তীরে ফেরা শ্রমিকরা জানান, সন্ধ্যা ৮টার দিকে কারখানার ছুটি শেষে ইপিজেডের শ্রমিকরা খেয়াঘাটে জড়ো হন। প্রায় ৫০ জন শ্রমিক নিয়ে একটি ট্রলার মোংলা খেয়াঘাট থেকে রওনা হলে বিপরীত দিক থেকে আসা আরেকটি যাত্রীবাহী ট্রলারের সঙ্গে সংঘর্ষ হয়। এতে নারী-পুরুষসহ অন্তত ২০ জন শ্রমিক নদীতে পড়ে যান।
স্থানীয়দের সহায়তায় অনেক শ্রমিক সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও এখনো অন্তত ৫ থেকে ৬ জন শ্রমিক নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। ঘটনার পরপরই ফায়ার সার্ভিস, কোস্টগার্ড, নৌবাহিনী ও পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। বেশ কয়েকজন শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে। সাঁতরে তীরে ফেরা শ্রমিকদের তথ্য অনুযায়ী এখনো কয়েকজন নিখোঁজ রয়েছেন এবং তাদের সন্ধানে নদীতে তল্লাশি চলছে।